জলবায়ু পরিবর্তন মোকাবিলায় জাতীয় উদ্যোগের বাস্তবায়ন আরও দ্রুত করার পাশাপাশি রাজ্য সরকারের সঙ্গে সমন্বয় জোরদারের ঘোষণা দিয়েছে মালয়েশিয়া। পরিবেশগত সুশাসন নিশ্চিত করতে কেন্দ্র ও রাজ্যের মধ্যে আরও অন্তর্ভুক্তিমূলক ও সমন্বিত সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেছে দেশটির সরকার।
বুধবার জাতীয় জলবায়ু পরিবর্তন কর্মপরিষদের (এমটিপিআইএন) ২০২৬ সালের প্রথম বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। বৈঠকে প্যারিস চুক্তি এবং জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক ফ্রেমওয়ার্ক কনভেনশন (ইউএনএফসিসিসি) অনুযায়ী মালয়েশিয়ার জলবায়ু অঙ্গীকার বাস্তবায়নে নেওয়া বিভিন্ন উদ্যোগের অগ্রগতি পর্যালোচনা করা হয়।
বৈঠকে আনোয়ার ইব্রাহিম বলেন, জলবায়ু সংক্রান্ত নীতি ও কৌশল প্রণয়নে রাজ্য সরকারগুলোর সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। একই সঙ্গে ফেডারেল সংবিধানের চেতনা এবং প্রতিটি রাজ্যের সাংবিধানিক ক্ষমতা ও এখতিয়ারকে সম্মান জানিয়ে সিদ্ধান্ত গ্রহণের ওপর তিনি গুরুত্ব দেন।
তিনি বলেন, জলবায়ু কার্যক্রম কার্যকরভাবে বাস্তবায়ন এবং দীর্ঘমেয়াদি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে কেন্দ্রীয় সরকার ও রাজ্য প্রশাসনের মধ্যে ঘনিষ্ঠ সহযোগিতার বিকল্প নেই।
প্রধানমন্ত্রী আরও বলেন, মাদানি সরকার এমন উন্নয়ননীতিতে প্রতিশ্রুতিবদ্ধ, যেখানে অর্থনৈতিক প্রবৃদ্ধির পাশাপাশি পরিবেশ সংরক্ষণ সমান গুরুত্ব পাবে। ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে প্রাকৃতিক সম্পদ রক্ষায় সরকার টেকসই উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে যাবে।
এই বৈঠকের মাধ্যমে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় সক্ষমতা বৃদ্ধি, জলবায়ু সংক্রান্ত সুশাসন শক্তিশালী করা এবং আন্তর্জাতিক জলবায়ু চুক্তির অধীনে মালয়েশিয়ার অঙ্গীকার বাস্তবায়নের প্রচেষ্টা আরও জোরদার হলো।