ভারতের জম্মু ও কাশ্মীরে বন্দুকধারীদের হামলায় পাঁচ পর্যটকের মৃত্যু হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এছাড়া এ ঘটনায় আটজন আহত হয়েছেন। মঙ্গলবার (২২ এপ্রিল) এ ঘটনা ঘটে। পুলিশের একটি সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছে। খবর রয়টার্স
গত এক বছরের মধ্যে এ অঞ্চলে সবচেয়ে ভয়াবহ হামলা এটি। মুসলিম অধ্যুষিত জম্মু ও কাশ্মীরের পেহেলগামে এ হামলার ঘটনা ঘটে। প্রতি বছর গ্রীষ্মে এখানে হাজার হাজার পর্যটকের আগমন ঘটে। সাম্প্রতিক সময়ে এখানে জঙ্গি হামলার পরিমাণ অনেক কমেছে।
বন্দুকধারীদের হামলায় আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। নাম না প্রকাশের শর্তে একটি সূত্র জানিয়েছে, এ বিষয়ে মিডিয়াতে কথা বলার জন্য তাদের অনুমতি নেই।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, বন্দুকধারীদের হামলায় একজন নিহত এবং সাতজন আহত হয়েছেন।
হিমালয়ের এই রাজ্যটি পাকিস্তান এবং ভারত নিজেদের দাবি করলেও পৃথকভাবে দুই দেশই এটি শাসন করে আসছে। ১৯৮৯ সাল থেকেই জম্মু ও কাশ্মীর নিয়ে বিবাদে জড়িয়েছে ভারত ও পাকিস্তান। এতে হাজার হাজার মানুষ নিহত হয়ে। তবে সাম্প্রতিক বছরগুলোতে দুই দেশের মধ্যে উত্তেজনা কিছুটা কমেছে।
পিপলস ডেমোক্রেটিক পার্টির (পিডিপি) প্রধান মেহেবুবা মুফতি পর্যটকদের ওপর হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন। তিনি বলেন, এ ধরনের সংহিসতা অগ্রহণযোগ্য এবং অবশ্যই পরিহার করা উচিত।