গ্যাস সরবরাহে সংকটের মধ্যে বাংলাদেশের জরুরি এলএনজি (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) চাহিদা পূরণে মালয়েশিয়ার সহায়তা চেয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। এ ক্ষেত্রে মালয়েশিয়ার রাষ্ট্রীয় জ্বালানি প্রতিষ্ঠান পেট্রোনাসের সহযোগিতার কথাও উল্লেখ করেছেন তিনি।
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান। এর আগে, একই দিন দুই নেতার মধ্যে ফোনে কথা হয়। তাঁদের আলোচনায় বাংলাদেশ ও মালয়েশিয়ার দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করার পাশাপাশি জ্বালানি ও বিনিয়োগ সহযোগিতার বিষয়গুলো গুরুত্ব পায়।
আনোয়ার ইব্রাহিম বলেন, বাংলাদেশের চলমান গ্যাস সরবরাহসংকট নিয়ে দুই নেতার মধ্যে আলোচনা হয়েছে। সরবরাহে ঘাটতির কারণে সৃষ্ট এই পরিস্থিতি মোকাবিলায় বাংলাদেশ মালয়েশিয়ার সহায়তা চেয়েছে। বিশেষ করে পেট্রোনাসের সঙ্গে সহযোগিতার মাধ্যমে বাংলাদেশে এলএনজি সরবরাহের বিষয়ে সহায়তা চাওয়া হয়েছে।
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের জরুরি জ্বালানি চাহিদা পূরণে এলএনজি সরবরাহে সহযোগিতার বিষয়টি আলোচনায় গুরুত্বপূর্ণ স্থান পেয়েছে।
ফোনালাপে দুই নেতা অর্থনৈতিক সহযোগিতা নিয়েও আলোচনা করেন। এর মধ্যে মালয়েশিয়ার টেলিযোগাযোগ প্রতিষ্ঠান অ্যাক্সিয়াটার বিনিয়োগসংক্রান্ত অগ্রগতি এবং এমএমসি পোর্টের সঙ্গে সম্ভাব্য কৌশলগত সহযোগিতার বিষয়ও উঠে আসে।
আনোয়ার ইব্রাহিম বলেন, এ ধরনের সহযোগিতা দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার করতে পারে। পাশাপাশি উভয় দেশের মানুষের জন্য নতুন নতুন সুযোগ সৃষ্টি করতে পারে।
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আরও বলেন, পারস্পরিক শ্রদ্ধা, বাস্তবভিত্তিক সহযোগিতা এবং দুই দেশের জনগণের কল্যাণ নিশ্চিত করার অভিন্ন অঙ্গীকারের ভিত্তিতে বাংলাদেশের সঙ্গে দীর্ঘদিনের বন্ধুত্ব আরও শক্তিশালী করতে মালয়েশিয়া প্রতিশ্রুতিবদ্ধ।