মালয়েশিয়ার মানবসম্পদ মন্ত্রণালয় (কেএসএমইউ) ২০২৫ সালের ‘অসাধারণ সেবা পুরস্কার’ (অ্যানুগেরাহ পারখিদমাতান চেমারলাং—এপিসি) উপলক্ষে বিভিন্ন পর্যায়ের ৬১২ জন কর্মকর্তা ও কর্মচারীকে তাঁদের কর্মদক্ষতা ও অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মাননা দিয়েছে।
বৃহস্পতিবার আয়োজিত এক অনুষ্ঠানে এই পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দেশটির মানবসম্পদমন্ত্রী দাতো শ্রী রামানন রামকৃষ্ণ।
অনুষ্ঠানে মন্ত্রী বলেন, জনসেবার উৎকর্ষ ধরে রাখতে হলে কর্মক্ষেত্রে সততা, পেশাদারিত্ব এবং উচ্চ কর্মদক্ষতার সংস্কৃতি আরও শক্তিশালী করতে হবে। তিনি কেএসএমইউ’র কর্মকর্তা-কর্মচারীদের দক্ষতা উন্নয়ন এবং পরিবর্তনশীল কর্মপরিবেশে নতুন প্রযুক্তি ব্যবহারে সক্ষমতা বাড়ানোর আহ্বান জানান।
এ সময় মানবশক্তি বিভাগের কর্মকর্তা টিএস হাসফুয়াত আব্দুল রহমানকে জনসেবায় অসামান্য অবদান ও সাফল্যের স্বীকৃতিস্বরূপ ২০২৫ সালের অসাধারণ সেবা পদক প্রদান করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, এই স্বীকৃতি সরকারি সেবার মানোন্নয়ন এবং জনগণের জন্য আরও কার্যকর ও মানসম্মত সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের অনুপ্রাণিত করবে।
কেএসএমইউ কর্তৃপক্ষ এপিসি ২০২৫–এর সব পুরস্কারপ্রাপ্তকে অভিনন্দন জানিয়েছে।