কুয়ালালামপুর, ১১ সেপ্টেম্বর : কুয়ালালামপুরের কাম্পুং সুনগাই বারুতে উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে বাসিন্দাদের সঙ্গে পুলিশের সংঘর্ষে দাং ওয়াঙ্গি জেলা পুলিশ প্রধান এ সি পি সুলিজমি আফেন্দি সুলাইমান আহত হয়েছেন। এ ঘটনায় প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিম তাৎক্ষণিক তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন।

স্থানীয় গণমাধ্যম হারিয়ান মেট্রোর প্রতিবেদনে বলা হয়, সংঘর্ষের সময় এক বস্তুর আঘাতে সুলিজমির মুখ রক্তাক্ত হয়। পরে তাকে দ্রুত চিকিৎসা দেওয়া হয়।
প্রধানমন্ত্রী এক বিবৃতিতে ঘটনাটিকে “স্বার্থান্বেষী মহলের দ্বারা পরিচালিত জঘন্য কাজ” আখ্যা দিয়ে কঠোর নিন্দা জানান। তিনি বলেন, “আমি আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দিয়েছি যেন দ্রুত তদন্ত শুরু করে হামলাকারী এবং এর নেপথ্যের মূল হোতাদের আইনের আওতায় আনা হয়।”
আনোয়ার আরও বলেন, সরকার শান্তিপূর্ণ প্রতিবাদের অধিকারের প্রতি শ্রদ্ধাশীল হলেও সেই অধিকারকে বিশৃঙ্খলা, সহিংসতা বা রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা যাবে না। তিনি সতর্ক করে দিয়ে বলেন, প্ররোচনা, ঘৃণা ও ভুয়া তথ্যের মাধ্যমে সহিংসতা ছড়ানো সমাজে স্থান পাবে না।
উল্লেখ্য, ২০১৬ সালে শুরু হওয়া কাম্পুং সুনগাই বারুর পুনর্বিকাশ প্রকল্পটি আইনি জটিলতা ও ক্ষতিপূরণ নিয়ে বিরোধের কারণে স্থগিত হয়ে ছিল। ফেডারেল টেরিটরিজ মন্ত্রী ডা. জালিহা মুস্তাফা সম্প্রতি জানান, আগামী বছরের প্রথম প্রান্তিকে প্রকল্পটি শুরু হওয়ার পরিকল্পনা রয়েছে। অধিগ্রহণ প্রক্রিয়ার আওতায় মোট ১১০টি সম্পত্তি রয়েছে, যার মধ্যে ৩৭টি টেরেস হাউস, ৭২টি ফ্ল্যাট এবং একটি টেনাগা ন্যাশনাল বের সাবস্টেশন অন্তর্ভুক্ত।
শেষে প্রধানমন্ত্রী স্পষ্ট ভাষায় বলেন, “শান্তিপূর্ণভাবে প্রতিবাদের অধিকার রয়েছে, তবে দায়িত্ব পালনরত সরকারি কর্মকর্তাকে আক্রমণ বা আহত করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এবং তা কঠোরভাবে দমন করা হবে।”