মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে অবৈধভাবে বিদেশি কর্মী নিয়োগের অভিযোগে পরিচালিত বিশেষ অভিযানে ১৮ জন বিদেশি নাগরিককে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ।
সোমবার সকাল ১০টা থেকে শুরু হওয়া এ অভিযানে কুয়ালালামপুর সিটি হল (ডিবিকেএল)-এর সহযোগিতায় ১২টি ব্যবসাপ্রতিষ্ঠানে তল্লাশি চালানো হয়। এসব প্রতিষ্ঠানের মধ্যে ছিল রেস্তোরাঁ, মুদি দোকান, কার ওয়াশ এবং গাড়ি মেরামতের ওয়ার্কশপ।
কুয়ালালামপুর অভিবাসন বিভাগের পরিচালক হামশা ইনজাউ জানান, আটক ব্যক্তিদের মধ্যে ১৩ জন পুরুষ ও ৫ জন নারী রয়েছেন। তাদের বয়স ২৫ থেকে ৩২ বছরের মধ্যে। আটক ব্যক্তিদের মধ্যে রয়েছেন ইন্দোনেশিয়া, বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও মিয়ানমারের নাগরিক।
প্রাথমিক তদন্তে জানা গেছে, তারা সংশ্লিষ্ট ব্যবসাপ্রতিষ্ঠানগুলোতে মাসে ১ হাজার ৫০০ থেকে ২ হাজার রিঙ্গিত বেতনে কাজ করছিলেন।
বৈধ কাগজপত্র না থাকা, ভিসার শর্ত লঙ্ঘন, নির্ধারিত সময়ের বেশি অবস্থান এবং অন্যান্য অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগে তাদের আটক করা হয়েছে।
হামশা ইনজাউ বলেন, অনেক স্থানীয় নিয়োগকর্তা অতিরিক্ত সময় কাজ করার আগ্রহ এবং তুলনামূলক কম যাচাই করে বিদেশি কর্মীদের নিয়োগ দিয়ে থাকেন।
আটক সবাইকে আরও তদন্ত ও পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য কুয়ালালামপুর অভিবাসন আটককেন্দ্রে নেওয়া হয়েছে। এ ছাড়া তদন্তে সহায়তার জন্য দুইজন স্থানীয় ব্যক্তির বিরুদ্ধে সাক্ষী সমন জারি করা হয়েছে।