কুয়ালালামপুর, ১ নভেম্বর : কুয়ালালামপুরের বিখ্যাত পেট্রোনাস টাওয়ার ৩ (মেনারা কারিগালি) ভবনে শনিবার সকালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে দ্রুত পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে কুয়ালালামপুর ফায়ার অ্যান্ড রেসকিউ ডিপার্টমেন্ট (JBPM)।
অগ্নিকাণ্ডটি ভবনের উচ্চ তলায় অবস্থিত একটি রেস্তোরাঁয় থেকে সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে জানা গেছে। ৬০ তলা এই ভবনটি রাজধানীর কেন্দ্রস্থলে অবস্থিত পেট্রোনাস টুইন টাওয়ারসের ঠিক পাশেই।
JBPM পরিচালক সিনিয়র অ্যাসিস্ট্যান্ট কমিশনার হাসান ‘আস’আরি ওমর ঘটনাটি নিশ্চিত করে জানান যে, এখন পর্যন্ত কোনো প্রাণহানি বা আহতের ঘটনা ঘটেনি।
“আমাদের ফায়ারফাইটাররা কল পাওয়ার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। বর্তমানে ভবনের নিরাপত্তা নিশ্চিত করতে অভিযান চলছে,” বলেন তিনি এক সরকারি বিবৃতিতে।
সামাজিক মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওতে দেখা যায় টাওয়ারের উপরের অংশ থেকে ধোঁয়া উঠছে, যা জনমনে উদ্বেগ সৃষ্টি করে এবং আশপাশের KLCC এলাকায় সাময়িক যানজট তৈরি হয়।
অগ্নিকাণ্ডের সঠিক কারণ এখনো জানা যায়নি, তবে প্রাথমিক ধারণা অনুযায়ী আগুনটি রেস্তোরাঁর রান্নাঘর এলাকা থেকে ছড়িয়ে পড়তে পারে।
পেট্রোনাস টাওয়ার ৩ বা মেনারা কারিগালি ভবনটিতে পেট্রোনাসের বিভিন্ন সহযোগী প্রতিষ্ঠান, আন্তর্জাতিক অফিস, খুচরা বিক্রয় কেন্দ্র এবং উচ্চমানের রেস্তোরাঁ রয়েছে।
দুপুর নাগাদও দমকল বাহিনীর সদস্যরা ভবনের ভেতরে কুলিং ও ভেন্টিলেশন কাজ চালিয়ে যাচ্ছেন। পাশাপাশি ভবনের কাঠামো ও ধোঁয়া ক্ষতির মূল্যায়ন চলছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে, এবং নিরাপত্তা নিশ্চিত হওয়ার পর ভবনটি পুনরায় খোলার অনুমতি দেওয়া হবে।