মালয়েশিয়ার পাহাং অঙ্গরাজ্যের কুয়ানতানে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে যৌথ অভিযানে পালানোর চেষ্টা করে সড়কের পাশের নর্দমায় ঝাঁপ দেন দুই বিদেশি নাগরিক। তবে শেষ পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাঁদের আটক করতে সক্ষম হন।
শনিবার পাহাং ইমিগ্রেশন বিভাগের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে রয়্যাল মালয়েশিয়া পুলিশ, কুয়ানতান সিটি কাউন্সিল, জাতীয় নিরাপত্তা পরিষদ, সড়ক পরিবহন বিভাগ, জাতীয় মাদকবিরোধী সংস্থা, অভ্যন্তরীণ বাণিজ্য ও জীবনযাত্রার ব্যয় মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয়, সিভিল ডিফেন্স ফোর্স, মালয়েশিয়ান মেরিটাইম এনফোর্সমেন্ট এজেন্সি এবং মৎস্য বিভাগসহ একাধিক সংস্থা অংশ নেয়।
জনসাধারণের অভিযোগ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কুয়ানতানের একটি শিল্প এলাকায় অভিযান চালানো হয়। সেখানে বিভিন্ন দেশের মোট ১৪৩ জন বিদেশি নাগরিকের কাগজপত্র ও বৈধতা যাচাই করা হয়।
অভিযানের একপর্যায়ে দুই বিদেশি নাগরিক গ্রেপ্তার এড়াতে পাশের একটি নর্দমায় ঝাঁপ দিয়ে পালানোর চেষ্টা করেন। তবে ইমিগ্রেশন কর্মকর্তারা তাঁদের ধাওয়া করে আটক করেন।
অভিযানে মোট ১৬ জন বিদেশি নাগরিককে ইমিগ্রেশন আইনের বিভিন্ন ধারায় অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে।
আটক ব্যক্তিদের ১৪ দিনের রিমান্ডে নিয়ে কেমায়ান ইমিগ্রেশন ডিপোতে পাঠানো হয়েছে। সেখানে তাঁদের বিরুদ্ধে আরও তদন্ত চলবে।
পাহাং ইমিগ্রেশন বিভাগ জানিয়েছে, অবৈধ অভিবাসীদের অবস্থান সম্পর্কে তথ্য দিয়ে জনসাধারণকে সহযোগিতা করার আহ্বান জানানো হচ্ছে। একই সঙ্গে অবৈধ অভিবাসী এবং তাঁদের আশ্রয় বা অবৈধভাবে কর্মসংস্থান দেওয়া ব্যক্তি ও নিয়োগকর্তাদের বিরুদ্ধেও কোনো ধরনের ছাড় ছাড়া কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছে বিভাগটি।