ওয়াশিংটন: যুক্তরাষ্ট্রের ফেডারেল প্রসিকিউটররা ওয়াশিংটন ডিসিতে এক অভিবাসন অভিযানের সময় এফবিআই এজেন্টের ওপর হামলার অভিযোগে এক নারীকে অভিযুক্ত করতে তিনবারই ব্যর্থ হয়েছেন। দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন যেখানে রাজধানীতে কঠোরভাবে অপরাধ মোকাবেলার চেষ্টা করছে, সেখানে এই ব্যর্থতা বিরল এক নজির তৈরি করল।
কোর্ট ফাইলিং অনুযায়ী, তিনটি আলাদা গ্র্যান্ড জুরি সিডনি রেইড নামের ওই নারীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ (ফেলনি) আনার প্রসিকিউটরদের আবেদন প্রত্যাখ্যান করে। শেষ পর্যন্ত অভিযোগ হ্রাস করে মিসডিমিনার বা তুলনামূলক কম গুরুতর অপরাধে নামিয়ে আনা হয়।
আইন বিশেষজ্ঞদের মতে, গ্র্যান্ড জুরির পক্ষ থেকে এভাবে ধারাবাহিকভাবে অভিযোগ প্রত্যাখ্যান করা অত্যন্ত অস্বাভাবিক, কারণ অভিযোগ গঠনের মানদণ্ড আদালতে দোষী সাব্যস্ত করার চেয়ে অনেক কম। উপরন্তু, প্রমাণ কীভাবে উপস্থাপন করা হবে তা পুরোপুরি প্রসিকিউটরদের নিয়ন্ত্রণে থাকে।
“মার্কিন অ্যাটর্নি জনগণের কণ্ঠ রুদ্ধ করতে মামলার গল্প বানাতে পারেন, কিন্তু আমাদের বিচার ব্যবস্থায় শেষ কথা বলে জনগণই,” এক যৌথ বিবৃতিতে বলেন রেইডের আইনজীবী তেজিরা আবে এবং ইউজিন ওহম।
অভিযোগপত্রে বলা হয়েছে, ২২ জুলাই ওয়াশিংটনের একটি জেলের বাইরে রেইড এফবিআই এবং ফেডারেল এজেন্টদের অভিবাসন হেফাজতে দুই গ্যাং-সদস্যকে হস্তান্তরের দৃশ্য ধারণ করছিলেন। এ সময় এজেন্টরা তাকে দেয়ালে চেপে ধরলে তিনি এক এফবিআই কর্মকর্তার হাত জোরে কংক্রিটের সঙ্গে ঠেলে দেন বলে অভিযোগ করা হয়।
ট্রাম্প প্রশাসন রাজধানীতে অপরাধ দমনে ফেডারেল এজেন্ট ও ন্যাশনাল গার্ড মোতায়েন করলেও, রেইডের মামলায় এই ব্যর্থতা দেখায় যে আইনি লড়াইয়ে প্রসিকিউটরদের জন্য এখনও বড় চ্যালেঞ্জ রয়ে গেছে।