মেলবোর্ন : অস্ট্রেলিয়ার মেলবোর্নের উত্তরের উপশহর ক্রেইগিবার্নে এক মর্মান্তিক দুর্ঘটনায় দুই নারী নিহত হয়েছেন। বুধবার (৪ সেপ্টেম্বর) রাতে তাঁরা আহত একটি ক্যাঙ্গারুকে সাহায্য করতে হিউম ফ্রিওয়েতে গাড়ি থামানোর পর দুর্ঘটনার শিকার হন।
পুলিশ জানায়, রাত প্রায় ৭টা ৩০ মিনিটে গাড়ি থামিয়ে তাঁরা রাস্তার ধারে নামেন। এ সময় একটি গাড়ি তাঁদের ধাক্কা দেয়। ভিক্টোরিয়ার বেভারিজ এলাকার ৩০ বছর বয়সী এক নারী ঘটনাস্থলেই মারা যান। থমাস্টাউন এলাকার অপর ৩০ বছর বয়সী নারীকে হেলিকপ্টারে করে হাসপাতালে নেওয়া হলেও কিছুক্ষণের মধ্যেই তাঁর মৃত্যু হয়। নিহতদের পরিচয় এখনো প্রকাশ করা হয়নি।
ভিক্টোরিয়া পুলিশের রোড পুলিশিং সহকারী কমিশনার গ্লেন ওয়েয়ার জানান, চালক শেষ মুহূর্তে গাড়িটি দেখতে পান এবং এড়াতে গিয়ে উচ্চ গতিতে দুই নারীকে ধাক্কা দেন। তিনি বলেন, “আমরা বুঝতে পারছি তাঁরা সাহায্য করতে চেয়েছিলেন, কিন্তু হাইওয়েতে এভাবে নামা অত্যন্ত ঝুঁকিপূর্ণ।”
দুর্ঘটনার পর চালক ঘটনাস্থলেই থেকে তদন্তে সহযোগিতা করছেন।
ভিক্টোরিয়া পুলিশ জানিয়েছে, চলতি বছরে এ পর্যন্ত রাজ্যের সড়কে ২০৩ জন নিহত হয়েছেন, যা গত বছরের একই সময়ের চেয়ে ১১ জন বেশি। শুধু গত চার দিনেই সড়কে নয়জন প্রাণ হারিয়েছেন, যাদের মধ্যে আছেন তিনজন পথচারী, তিনজন মোটরসাইকেল আরোহী এবং তিনজন যানবাহনের যাত্রী।