মালয়েশিয়ার প্রথম নাগরিক হিসেবে ওয়ান চ্যাম্পিয়নশিপের মুয়াই থাই স্ট্রওয়েট বিভাগে অন্তর্বর্তী বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার ঐতিহাসিক সাফল্য অর্জন করায় আলিফ রাকিবকে অভিনন্দন জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম।
সম্প্রতি আলিফ রাকিবের সঙ্গে নিজ কার্যালয়ে সাক্ষাৎ করেন আনোয়ার ইব্রাহিম। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি আলিফের এই সাফল্যের প্রশংসা করেন।
আনোয়ার ইব্রাহিম বলেন, এই অর্জন শুধু আন্তর্জাতিক অঙ্গনে মালয়েশিয়ার সুনামই বাড়ায়নি, বরং এটি প্রমাণ করেছে যে দেশটির তরুণদের বিশ্বের সেরাদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার সক্ষমতা, শৃঙ্খলা ও লড়াইয়ের মানসিকতা রয়েছে।
তিনি আরও বলেন, আলিফ রাকিবের এই সাফল্য আরও অনেক তরুণকে নিজেদের স্বপ্ন পূরণে অনুপ্রাণিত করবে। দৃঢ় সংকল্প, অঙ্গীকার এবং নিরলস প্রচেষ্টার মাধ্যমে তরুণেরা যেন নিজেদের লক্ষ্যে পৌঁছাতে পারে এমন প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।
আলিফ রাকিবকে অভিনন্দন জানিয়ে আনোয়ার ইব্রাহিম বলেন, ‘মালয়েশিয়া এই সাফল্যে গর্বিত।’