পোল্যান্ডে আয়োজিত আন্তর্জাতিক এক কর্মসূচিতে অংশ নিয়ে সীমান্ত নিরাপত্তা ও ভ্রমণ–সংক্রান্ত নথির সুরক্ষায় নিজেদের অভিজ্ঞতা তুলে ধরেছে মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ।
২৩ থেকে ২৫ জুন পোল্যান্ডের রাজধানী ওয়ারশতে অনুষ্ঠিত হচ্ছে ‘ফিল্ডস কুইক চেক কার্ড প্রোডাকশন অনবোর্ডিং সেশন’ শীর্ষক এ কর্মসূচি। এটি যৌথভাবে আয়োজন করেছে ইউরোপীয় সীমান্ত ও উপকূলরক্ষী সংস্থা (ফ্রন্টেক্স), আন্তর্জাতিক অপরাধ পুলিশ সংস্থা (ইন্টারপোল) এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)।
কর্মসূচিতে বিভিন্ন দেশের নথি নিরাপত্তা ও অভিবাসন–সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা অংশ নিচ্ছেন। আলোচনায় গুরুত্ব পাচ্ছে ভ্রমণ নথির নিরাপত্তা জোরদার করা এবং নথি জালিয়াতি প্রতিরোধের কৌশল।
এ অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য দেওয়ার আমন্ত্রণ পান মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগের উপমহাপরিচালক (অপারেশনস) লোকমান এফেন্দি রামলি। তিনি একই সঙ্গে (এএনডিইএক্স) নেটওয়ার্কের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্বও পালন করছেন।
মালয়েশিয়ার পক্ষ থেকে জানানো হয়, আন্তর্জাতিক অঙ্গনে এ অংশগ্রহণ দেশটির নথি নিরাপত্তা ও সীমান্ত ব্যবস্থাপনায় দক্ষতার স্বীকৃতি হিসেবে বিবেচিত হচ্ছে।
এ কর্মসূচিকে বিভিন্ন দেশের মধ্যে অভিজ্ঞতা বিনিময়, কার্যকর পদ্ধতি ভাগাভাগি এবং আন্তসীমান্ত নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় সহযোগিতা জোরদারের গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে দেখা হচ্ছে।
মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ বলছে, আন্তর্জাতিক সহযোগিতার পরিধি বাড়ানোর মাধ্যমে তারা ভ্রমণ নথির অখণ্ডতা রক্ষা, সীমান্ত নিরাপত্তা জোরদার এবং নাগরিকদের স্বার্থ সুরক্ষায় কাজ চালিয়ে যাবে।