দখলদার ইসরায়েলের গুরুত্বপূর্ণ বন্দরনগরী হাইফা ফের কেঁপে উঠেছে ইরানি ক্ষেপণাস্ত্র হামলায়। রোববার (১৫ জুন) গভীর রাতে হাইফার আকাশে বিস্ফোরণ ও ধোঁয়ার দৃশ্য ধারণ করেছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম। ইরানের পাল্টা প্রতিরোধ হিসেবে চালানো এই হামলায় একটি আবাসিক ভবনে সরাসরি ক্ষেপণাস্ত্র আঘাত হানার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ।
সিএনএন-এর বরাতে জানা যায়, ইসরায়েলি উদ্ধার সংস্থা জাকা জানিয়েছে, হামলায় একটি ভবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। রয়টার্স-এর ক্যামেরায় ধরা পড়ে আকাশরেখায় ধোঁয়ার কুন্ডলী ও বিস্ফোরণের মুহূর্ত।
ইসরায়েলের ফায়ার ও রেসকিউ সার্ভিস নিশ্চিত করেছে, মিসাইল সরাসরি একটি আবাসিক ভবনে আঘাত হেনেছে এবং তাদের উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছে।
জাতীয় জরুরি সেবা সংস্থা (MDA) জানায়, হামলায় এখন পর্যন্ত অন্তত চারজন আহত হয়েছে, তবে এই সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
এর আগে শনিবার (১৪ জুন) ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে দাবি করা হয়, তারা শতাধিক ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলের বিভিন্ন গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। লক্ষ্যগুলোর মধ্যে হাইফা ও তেল আবিব ছিল অন্যতম।
বিশ্লেষকরা বলছেন, এই হামলা মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনাকে আরও তীব্র করে তুলতে পারে। আন্তর্জাতিক পর্যবেক্ষকরা উদ্বেগ প্রকাশ করছেন, সংঘাত ছড়িয়ে পড়লে তা গোটা অঞ্চলের জন্য হুমকি হয়ে উঠতে পারে।
উল্লেখ্য, ইরান ও ইসরায়েলের মধ্যকার বৈরিতা নতুন নয়, তবে সাম্প্রতিক সময়ে সরাসরি হামলা ও পাল্টা হামলা যুদ্ধের দিকেই ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা।