সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি ছড়িয়ে পড়া “আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি) শতাধিক সেনা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে যাচ্ছে” — এমন দাবিকে সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত গুজব বলে আখ্যা দিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
শনিবার (১২ অক্টোবর) সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রেস সচিব জানান, ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটরের কার্যালয় থেকে নিশ্চিত করা হয়েছে যে, বর্তমানে সশস্ত্র বাহিনীর কোনো সদস্যের বিরুদ্ধে পরোয়ানা জারির কোনো পরিকল্পনা নেই।
তিনি বলেন, “এই ধরনের বিভ্রান্তিকর তথ্যের উদ্দেশ্য হচ্ছে জনসাধারণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করা এবং বিশেষ করে সশস্ত্র বাহিনীর সদস্যদের মধ্যে বিভেদ তৈরি করা।”
প্রেস সচিব আরও জানান, “এই বিদ্বেষমূলক গুজব ছড়ানোর মাধ্যমে আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্ধারিত সাধারণ নির্বাচনের আগে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালানো হচ্ছে।”
সরকারি নীতিমালা সম্পর্কেও তিনি পরিষ্কার করে বলেন, ডিরেক্টরেট জেনারেল অফ ফোর্সেস ইন্টেলিজেন্স (ডিজিএফআই) ভেঙে দেওয়ার কোনো পরিকল্পনা সরকারের নেই।
তবে তিনি জানান,
“সরকার ট্রান্সবর্ডার ও এক্সটারনাল গোয়েন্দা কার্যক্রমে ডিজিএফআই-এর ফোকাস বাড়াতে সংস্থাটিতে কিছু কাঠামোগত সংস্কারের কথা বিবেচনা করছে।”
প্রেস সচিব সবাইকে অনুরোধ করেন, ভিত্তিহীন তথ্য বা গুজব প্রচারে বিভ্রান্ত না হয়ে সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক ঘোষণার প্রতি আস্থা রাখতে।