আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) আ ম ম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে বসেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ৮টি রাজনৈতিক দল। আজ বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুর ১টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন কমিশন সচিবালয়ের সভাকক্ষে এই বৈঠক শুরু হয়।
বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার ছাড়াও নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ উপস্থিত ছিলেন।
জানা যায়, নির্বাচন ভবনের সামনে ৮ দলের নেতাকর্মীদের ভিড় সামলাতে ইসি কর্মকর্তাদের কিছুটা বেগ পেতে হয়। দলগুলো প্রথমে আলাদাভাবে দেখা করার কথা জানালেও, পরবর্তীতে স্মারকলিপি দেওয়ার কথা বলে সিইসির সঙ্গে বৈঠকের সুযোগ পান। এ পরিস্থিতিতে প্রতিটি দল থেকে কয়েকজন করে প্রতিনিধিকে নিয়ে মোট ২৫-৩০ জন সদস্য একসঙ্গে বৈঠকে অংশ নেন।
উল্লেখ্য, বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি, বাংলাদেশ খেলাফত আন্দোলন, জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপা এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি—এই ৮টি দল গত ৩০ সেপ্টেম্বর থেকে ৫ দফা দাবি নিয়ে আন্দোলন করে আসছে। এই বৈঠকটি সেই দাবির পরিপ্রেক্ষিতেই অনুষ্ঠিত হলো।