শিরোনাম :
ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের ওপর চাপ বাড়ল, মধ্যপ্রাচ্যে উত্তেজনা তীব্র আল-আকসা মসজিদে বসতি স্থাপনকারী ইসরায়েলিদের অনুপ্রবেশের তীব্র নিন্দা জানাল মালয়েশিয়া জোহর রাজ্য নির্বাচনের বিএন প্রার্থীদের তালিকা যাচাই-বাছাই চলছে: আহমদ জাহিদ চিলমারী ঘাটে ২৫ নৌকা ডুবি, বিপুল ক্ষয়ক্ষতি ডেঙ্গু রোগীর বিভিন্ন পরীক্ষার খরচে ৮০ শতাংশ ছাড়ের আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর সিআইডির দায়িত্ব পেলেন ডিআইজি আলি আকবর খান ইউক্রেন যুদ্ধ ‘নতুন পর্যায়ে প্রবেশ করেছে’ বলে দাবি ক্রেমলিনের লেবানন ও গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত রাখলে বাব আল-মান্দেব প্রণালি অচল হতে পারে: আইআরজিসির হুঁশিয়ারি ক্ষুদ্র ব্যবসা নয়, উচ্চমূল্যের শিল্প ও প্রযুক্তির নিয়ন্ত্রণে যেতে হবে বুমিপুত্রদের: উপপ্রধানমন্ত্রী আহমদ জাহিদ হামিদি রাজনীতিকের বিরুদ্ধে শিক্ষার্থীকে চড় মারার অভিযোগ: তদন্ত শেষের পথে, সাক্ষীদের জবানবন্দি নিচ্ছে পুলিশ

সংসদ সদস্য আনার হত্যাকাণ্ডের মূলহোতা গ্রেপ্তার : পররাষ্ট্রমন্ত্রী

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: বুধবার, ২২ মে, ২০২৪

ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারকে হত্যার ঘটনায় মূলহোতাসহ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।

বুধবার (২২ মে) ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নবাব নওয়াব আলী সিনেট অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান তিনি।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, এমপি আনোয়ারের হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত মূলহোতাসহ কয়েকজনকে গ্রেপ্তার করেছে ডিবি। কলকাতা পুলিশও কয়েকজনকে গ্রেপ্তার করেছে। এ নিয়ে বিস্তারিত স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানাতে পারবে। আমরা আমাদের মিশনের মাধ্যমে নিয়মিত খোঁজখবর রাখছি। আমাদের মিশনও কলকাতা পুলিশের সঙ্গে নিবিড় যোগাযোগ রাখছে।

তিনি বলেন, এমপি আনোয়ারুল আজিম আনারের হত্যার ঘটনা খুবই দুঃখজনক, মর্মান্তিক, অনভিপ্রেত। বিষয়টি তদন্তাধীন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন এটা একটা পরিকল্পিত হত্যা।

এদিন দুপুরে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানিয়েছেন, ভারতের সঙ্গে আমাদের বন্ধুত্ব রয়েছে। তারা আমাদের সব ধরনের কোঅপারেশন করছে। ভারত সরকারের যতটুকু দায়িত্ব তা তারা করছে। সম্পর্কের ফাটল ধরবে এমন কোনো ঘটনা ঘটেনি। কারণ এই ঘটনায় ভারতের কেউ জড়িত নয়। এখন পর্যন্ত আমাদের কাছে যে ইনফরমেশন তাতে আমাদের দেশের মানুষই এ হত্যার সঙ্গে জড়িত।

এর আগে এমপি মৃত্যুর খবরটি নিশ্চিত করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ঝিনাইদহের সংসদ সদস্য আনোয়ারুল আজিম চিকিৎসার জন্য ১২ মে ভারত গিয়েছিলেন। ভারতে যাওয়ার দুদিন পর তার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। এতে উদ্বিগ্ন হয়ে তার মেয়ে আমাদের জানালে আমাদের পুলিশ ইন্ডিয়ান পুলিশের সঙ্গে যোগাযোগ শুরু করে। আমরা আজকে সকালবেলা নিশ্চিত হয়েছি, ভারতীয় পুলিশ জানিয়েছে যে, তিনি খুন হয়েছেন। ভারতের পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, খুনের সঙ্গে জড়িত তিনজনকে ধরা হয়েছে। তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আমাদের তদন্ত চলছে।

তিনি বলেন, আপনারা জানেন ঝিনাইদহ সন্ত্রাসপ্রবণ এলাকা, সীমান্ত এলাকা। আনোয়ার সাহেব ওই এলাকা থেকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছিলেন। চিকিৎসার জন্য যাওয়ার পরে এই ঘটনাটি ঘটে। আমাদের পুলিশ এটা নিয়ে তদন্ত করছে। এই খুনের মোটিভ কী ছিল তা আমরা অচিরেই জানাতে পারব। ভারতের পুলিশ আমাদের সব ধরনের সহযোগিতা করছে।

আমাদের কাছে যে তথ্য আছে সে তথ্য অনুযায়ী, এখন জানাচ্ছি, তিনি কলকাতার একটি বাসায় পরিকল্পিতভাবে খুনের শিকার হয়েছেন। খুনের মোটিভ নিয়ে আমাদের পুলিশ ও ভারতীয় পুলিশ কাজ করছে। ইন্টারন্যাশনাল ওয়েতে আমাদের যতটুকু করা দরকার তার সবই আমরা করছি।

এ সময় সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) আজিজ আহমেদের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞার বিষয়ে মন্ত্রী বলেন, তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে দুর্নীতির কারণে। এটা তার ব্যক্তিগত দায়। এটা ইনস্টিটিউশনাল কোনো বিষয় না।

উল্লেখ্য, ভারতীয় সংবাদ মাধ্যম টিভি নাইন বাংলার প্রতিবেদনে বলা হয়, গত ১২ মে কলকাতায় যান আনার। একজন অফিসারের ফ্ল্যাটে উঠেছিলেন তিনি। সঙ্গে ছিলেন আরও তিনজন। বরানগর এলাকার সিঁথিতে যে বন্ধুর বাড়িতে উঠেছিলেন আজিম তার নাম গোপাল বিশ্বাস। গত ১৩ মে দুপুর ১টা ৪১ মিনিটে তার বাড়ি থেকে বেরিয়ে ভাড়া করা গাড়িতে ওঠেন আজিম। তারপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি।

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »