ফাঁসির দণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে ফিরলে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেন, আইনের বাইরে গিয়ে সরকারের কোনো পদক্ষেপ নেওয়ার সুযোগ নেই; দেশে প্রবেশ করলেই আইন অনুযায়ী যা করার, তাই করা হবে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) সচিবালয়ে আইনগত সহায়তা কার্যক্রম নিয়ে ব্র্যাক ও ব্লাস্টের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
সম্প্রতি এক সাক্ষাৎকারে শেখ হাসিনা আগামী ডিসেম্বরে দেশে ফেরার ইচ্ছার কথা জানিয়েছেন। এ বিষয়ে সরকারের অবস্থান জানতে চাইলে আইনমন্ত্রী বলেন, সরকার তার প্রত্যর্পণের জন্য চেষ্টা করছে। তবে এ বিষয়ে কী পদক্ষেপ নেওয়া হচ্ছে, সে সম্পর্কে বাইরে থেকে নিশ্চিতভাবে জানার সুযোগ নেই।
তিনি আরও বলেন, কোনো ব্যক্তি ফাঁসির দণ্ডপ্রাপ্ত হলেও তিনি যদি বাংলাদেশের নাগরিক হন, তাহলে দেশের আইনের প্রতি সম্মান দেখিয়ে আত্মসমর্পণের অধিকার তার রয়েছে। তবে পরিস্থিতি অনুযায়ী আত্মসমর্পণের আগেই তাকে গ্রেপ্তার করা হতে পারে। এরপর পুরো বিষয়টি আইন অনুযায়ী পরিচালিত হবে।
শেখ হাসিনার কাছে বর্তমানে পাসপোর্ট না থাকলে তিনি কীভাবে দেশে ফিরবেন— এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, সেটি সম্পূর্ণ তার ব্যক্তিগত বিষয়। সরকারের দায়িত্ব শুরু হবে তখনই, যখন তিনি বাংলাদেশের আওতায় প্রবেশ করবেন। এরপর আইন যে ক্ষমতা দিয়েছে, সেই ক্ষমতার ভিত্তিতেই ব্যবস্থা নেওয়া হবে।
রাষ্ট্রপতি নির্বাচন প্রসঙ্গে এক প্রশ্নের উত্তরে আইনমন্ত্রী জানান, এ বিষয়ে এখনো সরকারের আনুষ্ঠানিক কোনো আলোচনা হয়নি। তিনি সংবিধানের ১২৩(২) অনুচ্ছেদের কথা উল্লেখ করে বলেন, রাষ্ট্রপতির পদত্যাগের ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন সম্পন্ন করতে হবে।
তিনি আরও বলেন, সংবিধান অনুযায়ী বর্তমান সংসদের পরবর্তী অধিবেশনও নির্ধারিত সময়ের মধ্যেই আহ্বান করা হবে। ফলে আপাতত রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের জন্য বিশেষ অধিবেশন ডাকার প্রয়োজনীয়তা তিনি দেখছেন না। তবে প্রয়োজনে সরকার বিশেষ অধিবেশন আহ্বানের সিদ্ধান্ত নিতে পারে।