মালয়েশিয়ার উপপ্রধানমন্ত্রী আহমদ জাহিদ হামিদি বলেছেন, রাজ্য পর্যায়ের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা কেন্দ্রীয় ঐক্য সরকারের স্থিতিশীলতায় কোনো প্রভাব ফেলবে না। পার্লামেন্ট ভেঙে না দেওয়া পর্যন্ত বর্তমান সরকার দায়িত্ব পালন করে যাবে এবং উন্নয়ন কার্যক্রম স্বাভাবিকভাবেই চলবে।
বৃহস্পতিবার পুত্রজায়ায় গ্রামীণ ও আঞ্চলিক উন্নয়ন মন্ত্রণালয়ের মাসিক সমাবেশে বক্তব্য দিতে গিয়ে জাহিদ হামিদি বলেন, জোহর ও নেগেরি সেম্বিলানের সাম্প্রতিক রাজ্য নির্বাচনের পর যে রাজনৈতিক পরিস্থিতির সৃষ্টি হয়েছে, তা প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের নেতৃত্বাধীন মাদানি সরকারের নীতি, কর্মসূচি কিংবা উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে কোনো বাধা সৃষ্টি করবে না।
তিনি বলেন, ‘যতক্ষণ পর্যন্ত পার্লামেন্ট ভেঙে দেওয়া না হচ্ছে, ততক্ষণ কেন্দ্রীয় সরকার তার দায়িত্ব পালন করবে, প্রশাসনিক কার্যক্রম চলবে এবং জনগণের দেওয়া প্রতিটি দায়িত্ব যথারীতি সম্পন্ন করা হবে।’
বারিসান ন্যাশনালের (বিএন) চেয়ারম্যান জাহিদ হামিদি বলেন, ঐক্য সরকারের অংশীদার দলগুলোর পারস্পরিক সহযোগিতার অর্থ এই নয় যে, তাদের নিজস্ব রাজনৈতিক পরিচয় বা আদর্শ ত্যাগ করতে হবে।
তিনি বলেন, বর্তমান জোট রাজনৈতিক স্বায়ত্তশাসনের ভিত্তিতে পরিচালিত হচ্ছে। ফলে প্রতিটি দল নিজস্ব রাজনৈতিক কৌশল অনুসরণ করতে পারলেও কেন্দ্রীয় সরকার গঠনের ভিত্তিতে হওয়া সমঝোতা বহাল থাকবে।
জাহিদ হামিদি আরও বলেন, রাজ্য নির্বাচনে জোটভুক্ত দলগুলো একে অপরের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করলেও জাতীয় পর্যায়ের সহযোগিতা ক্ষতিগ্রস্ত হয় না। এ ক্ষেত্রে তিনি অস্ট্রেলিয়া ও জাপানের উদাহরণ টেনে বলেন, এসব দেশেও জোটসঙ্গীরা নিজেদের স্বতন্ত্র রাজনৈতিক অবস্থান বজায় রেখেই সরকার পরিচালনা করে।
গত ১ আগস্ট অনুষ্ঠিত নেগেরি সেম্বিলান রাজ্য নির্বাচনে বারিসান ন্যাশনাল (বিএন) ও পেরিকাতান ন্যাশনাল (পিএন) সরকার গঠনের জন্য প্রয়োজনীয় আসন পায়। যদিও কেন্দ্রীয় পর্যায়ে বিএন বর্তমানে প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের নেতৃত্বাধীন ঐক্য সরকারের অংশীদার।
উল্লেখ্য, ২০২২ সালের সাধারণ নির্বাচনে কোনো দল একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে না পারায় পাকাতান হারাপান, বারিসান ন্যাশনাল এবং কয়েকটি আঞ্চলিক দলকে নিয়ে প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের নেতৃত্বে মালয়েশিয়ার বর্তমান ঐক্য সরকার গঠিত হয়।