যুক্তরাজ্যের নবনিযুক্ত প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যামকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে তিনি দুই দেশের কৌশলগত সম্পর্ক আরও শক্তিশালী করতে একসঙ্গে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেছেন।
সোমবার রাতে প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী এ তথ্য নিশ্চিত করে জানান, প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যামের কাছে অভিনন্দনবার্তা পাঠিয়েছেন।
বার্তায় তারেক রহমান বলেন, প্রধানমন্ত্রী হিসেবে অ্যান্ডি বার্নহ্যামের দায়িত্ব গ্রহণ তার নেতৃত্বের প্রতি লেবার পার্টি ও যুক্তরাজ্যের জনগণের আস্থার প্রতিফলন। তিনি নতুন প্রধানমন্ত্রীর সফল নেতৃত্বে যুক্তরাজ্যের শান্তি, সমৃদ্ধি ও গণতান্ত্রিক অগ্রগতি কামনা করেন।
তিনি আশা প্রকাশ করেন, বার্নহ্যামের নেতৃত্বে যুক্তরাজ্য বিশ্বশান্তি প্রতিষ্ঠা, টেকসই উন্নয়ন, গণতান্ত্রিক সুশাসন এবং বৈশ্বিক বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
অভিনন্দনবার্তায় প্রধানমন্ত্রী বাংলাদেশ ও যুক্তরাজ্যের দীর্ঘদিনের ঐতিহাসিক ও বহুমাত্রিক সম্পর্কের কথা তুলে ধরে বলেন, পারস্পরিক শ্রদ্ধাবোধ, গণতান্ত্রিক মূল্যবোধ, কমনওয়েলথের নীতি এবং জনগণের সঙ্গে জনগণের ঘনিষ্ঠ যোগাযোগের ভিত্তিতেই এ সম্পর্ক গড়ে উঠেছে।
তিনি উল্লেখ করেন, বাণিজ্য, বিনিয়োগ, উন্নয়ন সহযোগিতা, জলবায়ু পরিবর্তন মোকাবিলা, শিক্ষা, নিরাপত্তা, অভিবাসন এবং সাংস্কৃতিক বিনিময়সহ বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের সহযোগিতা ধারাবাহিকভাবে বিস্তৃত হচ্ছে।
তারেক রহমান আরও বলেন, যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশি প্রবাসীরা দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের গুরুত্বপূর্ণ সেতুবন্ধ হিসেবে কাজ করছেন। পাশাপাশি তারা উভয় দেশের অর্থনীতি ও সাংস্কৃতিক বৈচিত্র্য সমৃদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।
বার্তায় প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যামের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহ প্রকাশের পাশাপাশি সুবিধাজনক সময়ে তাকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। একই সঙ্গে তিনি নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য, সফল দায়িত্ব পালন এবং যুক্তরাজ্যের জনগণের শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন।
উল্লেখ্য, অ্যান্ডি বার্নহ্যাম সোমবার আনুষ্ঠানিকভাবে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।