মালয়েশিয়া ও সিঙ্গাপুরের দীর্ঘদিনের অর্থনৈতিক অংশীদারত্ব ভবিষ্যতে আরও শক্তিশালী হবে বলে আশা প্রকাশ করেছেন সিঙ্গাপুরের প্রেসিডেন্ট থারমান শানমুগারত্নম। মালয়েশিয়ায় তাঁর প্রথম রাষ্ট্রীয় সফরের অংশ হিসেবে সোমবার ইস্তানা নেগারায় মালয়েশিয়ার রাজা সুলতান ইব্রাহিমের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ মন্তব্য করেন।
থারমান বলেন, জোহর–সিঙ্গাপুর বিশেষ অর্থনৈতিক অঞ্চল (জেএস-এসইজেড) এবং নির্মাণাধীন জোহর বাহরু–সিঙ্গাপুর র্যাপিড ট্রানজিট সিস্টেম (আরটিএস) লিংক দুই দেশের অর্থনৈতিক সহযোগিতাকে নতুন উচ্চতায় নিয়ে যাবে। এসব উদ্যোগের মাধ্যমে দুই দেশের অর্থনীতি আরও পরিপূরক হবে। একই সঙ্গে পর্যটন, স্বাস্থ্যসেবা, শিক্ষা ও জনগণের পারস্পরিক যোগাযোগ আরও বাড়বে।
তিনি বলেন, অতীতে নানা গুরুত্বপূর্ণ ইস্যু সামনে এলেও মালয়েশিয়া ও সিঙ্গাপুর কখনোই সহযোগিতার পথ থেকে সরে যায়নি। বরং প্রতিটি প্রজন্মের নেতৃত্ব ভবিষ্যতের কথা ভেবে একসঙ্গে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। দুই দেশের বহু পরিবারের আত্মীয়তার সম্পর্ক এবং একে অপরের দেশে বসবাস ও কর্মরত মানুষের সংখ্যা এই বন্ধনকে আরও দৃঢ় করেছে।
এর আগে, মালয়েশিয়ার রাজা সুলতান ইব্রাহিমের আমন্ত্রণে তিন দিনের রাষ্ট্রীয় সফরে রোববার রাতে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান প্রেসিডেন্ট থারমান ও তাঁর স্ত্রী জেন ইত্তোগি। স্থানীয় সময় রাত ৯টা ১৯ মিনিটে তাঁদের বহনকারী উড়োজাহাজটি অবতরণ করলে রয়্যাল রেঞ্জার রেজিমেন্টের একটি দল তাঁকে স্ট্যাটিক গার্ড অব অনার প্রদান করে। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান মালয়েশিয়ার উদ্যোক্তা ও সমবায় উন্নয়নমন্ত্রী স্টিভেন সিম চি কিয়ং এবং মালয়েশিয়ায় নিযুক্ত সিঙ্গাপুরের হাইকমিশনার ভানু গোপালা মেনন।
সোমবার ইস্তানা নেগারায় প্রেসিডেন্ট থারমানকে আনুষ্ঠানিক রাষ্ট্রীয় অভ্যর্থনা জানানো হয়। ২১ বার তোপধ্বনির মাধ্যমে তাঁকে সম্মান জানানো হয় এবং তিনি রয়্যাল মালয় রেজিমেন্টের গার্ড অব অনার পরিদর্শন করেন। অনুষ্ঠানে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম, দুই উপপ্রধানমন্ত্রী এবং মন্ত্রিসভার সদস্যরা উপস্থিত ছিলেন।
২০২৩ সালের সেপ্টেম্বরে সিঙ্গাপুরের নবম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটি থারমানের প্রথম মালয়েশিয়া সফর। ১৩ থেকে ১৫ জুলাই পর্যন্ত চলা এ সফরের লক্ষ্য দুই দেশের দীর্ঘদিনের ঘনিষ্ঠ সম্পর্ক আরও জোরদার করা এবং বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণ। ২০২৪ সালে মালয়েশিয়ার রাজা সুলতান ইব্রাহিমের সিঙ্গাপুর সফরের প্রতিদান হিসেবেই এই সফরের আয়োজন করা হয়েছে।
সিঙ্গাপুর বর্তমানে মালয়েশিয়ার দ্বিতীয় বৃহত্তম বৈশ্বিক বাণিজ্য অংশীদার এবং আসিয়ানের মধ্যে সবচেয়ে বড় বাণিজ্য অংশীদার। ২০২৫ সালে দুই দেশের দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ ছিল ৪০২ দশমিক ৩৫ বিলিয়ন রিঙ্গিত। আর চলতি বছরের জানুয়ারি থেকে মে পর্যন্ত সময়ে এ বাণিজ্য ১৪ দশমিক ৫ শতাংশ বেড়ে ১৮৯ দশমিক ৯০ বিলিয়ন রিঙ্গিতে পৌঁছেছে।