মালয়েশিয়া ও থাইল্যান্ড সীমান্ত এলাকায় বিশেষ অর্থনৈতিক অঞ্চল (বর্ডার ইকোনমিক জোন-বিইজেড) গঠনের পরিকল্পনা বাস্তবায়নের আগে দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় আলোচনা হবে বলে জানিয়েছে মালয়েশিয়ার অর্থ মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, মালয়েশিয়া–থাইল্যান্ড সীমান্ত অঞ্চলের যৌথ উন্নয়ন কৌশল কমিটি অথবা অন্য উপযুক্ত দ্বিপক্ষীয় প্ল্যাটফর্মের মাধ্যমে এ বিষয়ে আলোচনা এগিয়ে নেওয়া হবে।
লিখিত এক জবাবে মন্ত্রণালয় জানিয়েছে, মাদানি সরকারের আঞ্চলিক বৈষম্য কমানোর লক্ষ্যে নেওয়া এই উদ্যোগ বাস্তবায়িত হলে স্থানীয় মানুষের কর্মসংস্থান বাড়বে এবং সীমান্ত এলাকায় ব্যবসায়িক কার্যক্রম আরও গতিশীল হবে।
এই জবাব দেওয়া হয় পার্লামেন্ট সদস্য দাতুক ফাথুল হুজির আয়োবের এক প্রশ্নের পরিপ্রেক্ষিতে। তিনি পেংকালান হুলুকে সীমান্ত বাণিজ্যকেন্দ্র বা মালয়েশিয়া–থাইল্যান্ড সীমান্ত অর্থনৈতিক অঞ্চলের অংশ হিসেবে অন্তর্ভুক্ত করার অগ্রগতি জানতে চেয়েছিলেন।
মন্ত্রণালয় জানায়, এ বিষয়ে নর্দান করিডর ইমপ্লিমেন্টেশন অথরিটি (এনসিআইএ) একটি সমীক্ষা পরিচালনা করেছে। বর্তমানে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থাগুলোর সঙ্গে পর্যালোচনা ও মতবিনিময় চলছে।
সমীক্ষা অনুযায়ী, মালয়েশিয়ার পেরাক অঙ্গরাজ্যে পেংকালান হুলুর বুকিত বেরাপিত সীমান্ত গেটকে কৌশলগত এলাকা হিসেবে অন্তর্ভুক্ত করার প্রস্তাব রয়েছে।
অন্যদিকে, থাইল্যান্ড সরকারও বিশ্বব্যাংকের সহযোগিতায় সীমান্তবর্তী অঞ্চলের উন্নয়ন সম্ভাবনা যাচাইয়ে একই ধরনের একটি সমীক্ষা চূড়ান্ত করছে।