মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগের (জেআইএম) ইন্টেগ্রিটি বিভাগের পরিচালকের দায়িত্ব আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে। দায়িত্ব বদলের অংশ হিসেবে বর্তমান পরিচালক হিশামউদ্দিন বিন মোহাম্মদ ঈসা মালয়েশিয়ার দুর্নীতি দমন কমিশনে (এসপিআরএম) নিরাপত্তা বিভাগের পরিচালক হিসেবে নতুন দায়িত্ব গ্রহণ করছেন।
আগামী ১৫ জুলাই থেকে ইন্টেগ্রিটি বিভাগের নতুন পরিচালক হিসেবে দায়িত্ব পালন করবেন নরখাফিজিন বিন ঈসা।
সোমবার পুত্রজায়ায় অনুষ্ঠিত দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে প্রধান সাক্ষী ছিলেন মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগের মহাপরিচালক জাকারিয়া বিন শাবান। এ ছাড়া উপস্থিত ছিলেন উপমহাপরিচালক (ব্যবস্থাপনা) ড. রোসবি বিনতি আবদুর রহমান, উপমহাপরিচালক (অপারেশন) লোকমান এফেন্দি বিন রামলি, বিভিন্ন বিভাগের পরিচালক এবং রাজ্য ইমিগ্রেশন পরিচালকরা।
অনুষ্ঠানে ইমিগ্রেশন বিভাগ হিশামউদ্দিন বিন মোহাম্মদ ঈসার নেতৃত্ব, নিষ্ঠা ও অবদানের জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করে এবং নতুন কর্মস্থলে তাঁর সফলতা কামনা করে।
একই সঙ্গে নতুন পরিচালক নরখাফিজিন বিন ঈসাকে শুভেচ্ছা জানিয়ে বিভাগটি আশা প্রকাশ করেছে, তাঁর নেতৃত্বে ইন্টেগ্রিটি, সুশাসন ও জবাবদিহিতার সংস্কৃতি আরও শক্তিশালী হবে এবং বিভাগের সেবার মান নতুন উচ্চতায় পৌঁছাবে।