মালয়েশিয়ার কেলান্তান রাজ্যে অভিবাসন বিভাগের অভিযানে ১০০ বাংলাদেশিসহ ১২৮ জন অবৈধ অভিবাসীকে আটক করা হয়েছে। এছাড়া আটক ব্যক্তিদের মধ্যে ২৭ জন ইন্দোনেশিয়ার এবং একজন ভিয়েতনামের নাগরিক।
কেলান্তানের কুয়ালা ক্রাই ও কোটা ভারুতে গতকাল মঙ্গলবার একযোগে ‘অপস মেগা’ ও ‘অপস বেরসেপাদু’ নামে অভিযান দুটি পরিচালনা করা হয়। সকাল ৮টায় শুরু হওয়া এ অভিযানে ৩১৬ জন বিদেশিকে তল্লাশি করা হয়।
কেলান্তান অভিবাসন বিভাগের পরিচালক গ্যারি বেলাইয়ং জন সিকি বলেন, অভিযানে আটক ১২৮ জনের মধ্যে ১০০ জন বাংলাদেশি, ২৭ জন ইন্দোনেশিয়ার এবং একজন ভিয়েতনামের নাগরিক।
আটকদের মধ্যে ইন্দোনেশিয়ার দুই নারীও রয়েছেন। তাঁরা কোটা ভারুর একটি নির্মাণস্থলে স্বামীদের সঙ্গে কাজ করছিলেন। অবৈধভাবে মালয়েশিয়ায় প্রবেশের অভিযোগে তাঁদের আটক করা হয়।
গ্যারি বেলাইয়ং বলেন, অভিযানে অভিবাসন বিভাগের ৪৮ কর্মকর্তা ও কর্মী অংশ নেন। তাঁদের সঙ্গে জাতীয় নিরাপত্তা পরিষদ, শ্রম বিভাগ, জাতীয় নিবন্ধন বিভাগ ও কেলান্তান বন বিভাগের সদস্যরাও ছিলেন।
আটক বিদেশিদের বিরুদ্ধে মালয়েশিয়ার ইমিগ্রেশন আইন ১৯৫৯/৬৩ এবং ইমিগ্রেশন রেগুলেশনস ১৯৬৩ অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে।
রাজ্যে অবৈধ অভিবাসীদের উপস্থিতি নিয়ন্ত্রণ এবং অভিবাসন আইন মেনে চলা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে কেলান্তান অভিবাসন বিভাগ।
শ্রমিকের চাহিদার কারণে মালয়েশিয়ায় বাংলাদেশ, ইন্দোনেশিয়া ও মিয়ানমারসহ বিভিন্ন দেশের নাগরিকেরা নির্মাণ, কৃষি, উৎপাদন ও সেবাখাতে কাজ করেন।