মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বলেছেন, দেশের শিক্ষাব্যবস্থাকে সময়ের চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ রাখতে শুধু আংশিক পরিবর্তন নয়, সাহসী ও অর্থবহ সংস্কার প্রয়োজন।
মঙ্গলবার জাতীয় শিক্ষা পরিষদের (মজলিস পেন্ডিদিকান নেগারা) ২০২৬ সালের প্রথম বৈঠকে সভাপতিত্ব করে তিনি এ কথা বলেন। বৈঠকে স্কুলশিক্ষা ও উচ্চশিক্ষার ভবিষ্যৎ দিকনির্দেশনা নিয়ে আলোচনা হয়।
আলোচনায় জেলা পর্যায়ে শিক্ষার মানোন্নয়ন, শিক্ষা এজেন্ডা আরও শক্তিশালী করা এবং ভবিষ্যৎ কর্মবাজারের চাহিদা পূরণে বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিত খাতে দক্ষ মানবসম্পদ গড়ে তোলার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।
আনোয়ার ইব্রাহিম আরো বলেন, জাতীয় শিক্ষা পরিষদ গঠনের উদ্দেশ্য কেবল বিদ্যমান ব্যবস্থার সঙ্গে খাপ খাওয়ানো নয়; বরং এমন পরিবর্তনের নেতৃত্ব দেওয়া, যা শিক্ষাব্যবস্থাকে যুগোপযোগী ও কার্যকর রাখবে।
এছাড়া তিনি শিক্ষার বিষয়বস্তু ও পাঠ্যক্রম উন্নয়নের পাশাপাশি দ্বিতীয় ভাষা হিসেবে ইংরেজির দক্ষতা বৃদ্ধির ওপর জোর দেন। তবে একই সঙ্গে জাতীয় ভাষা, সংস্কৃতি, মূল্যবোধ ও নৈতিকতাকে অক্ষুণ্ন রাখার প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেন, যা মালয়েশিয়া মাদানি ধারণার মূল ভিত্তি বলে তিনি তুলে ধরেন।
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আরও বলেন, শিক্ষা খাতকে নিরপেক্ষভাবে মূল্যায়ন করতে হবে এবং এ ক্ষেত্রে বিভিন্ন পক্ষের মতামত ও বিশেষজ্ঞদের অভিজ্ঞতাকে গুরুত্ব দিতে হবে, যাতে আগামী প্রজন্মকে বাস্তব চাহিদার জন্য প্রস্তুত করা যায়।
তিনি সতর্ক করে বলেন, বিদ্যমান ব্যবস্থায় সন্তুষ্ট থেকে গেলে উন্নয়ন ব্যাহত হবে। তাই পরিবর্তনের মানসিকতা, সংস্কার বাস্তবায়নের সাহস এবং শিক্ষার মান আরও উন্নত করার ধারাবাহিক প্রচেষ্টা জরুরি।