অনলাইন জুয়া এবং প্রতারণামূলক বিজ্ঞাপন প্রচারের মাধ্যমে, সাধারণ মানুষকে প্রতারিত করার ক্ষেত্রে, ফেসবুকই এখন মালয়েশিয়ার জন্য সবচেয়ে বড় সমস্যা বা সবচেয়ে বেশি দোষী বলে মন্তব্য করেছেন যোগাযোগ মন্ত্রী ফাহমি ফাদজিল। পুত্রজায়ায় অভিবাসন বিভাগ ও যোগাযোগ মন্ত্রণালয়ের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে তিনি এই ক্ষোভ প্রকাশ করেন।
মন্ত্রী জানান, ২০২৬ সালের জানুয়ারি থেকে জুন মাসের মধ্যেই দেশটির নাগরিকরা অনলাইন প্রতারণার শিকার হয়ে, প্রায় ৯৫ কোটি ৮০ লাখ রিঙ্গিত খুইয়েছেন। মালয়েশিয়া সরকারের অভিযোগ, ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা তাদের বিজ্ঞাপন থেকে আসা আয়কে বেশি গুরুত্ব দিচ্ছে এবং ব্যবহারকারীদের নিরাপত্তার বিষয়ে কোনো কার্যকর ভূমিকা বা কঠোর যাচাই-বাছাই করছে না।
এসময় যোগাযোগ মন্ত্রী ফেসবুককে ব্যঙ্গ করে বলেন, মালয়েশিয়ার জনগণের বিরুদ্ধে অপরাধ বা পাপ করার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোকে একটি বার্ষিক পুরস্কার দেয়া উচিত এবং সেই পুরস্কার নিশ্চিতভাবেই ফেসবুক পাবে। তিনি প্ল্যাটফর্মগুলোকে এসব অপরাধমূলক কনটেন্ট দ্রুত সরিয়ে ফেলার তাগিদ দেন। ক্ষতিকর কনটেন্ট অপসারণে ও প্রযুক্তিভিত্তিক আন্তঃসীমান্ত অপরাধ দমনে মালয়েশিয়ার যোগাযোগ মন্ত্রণালয় ও অভিবাসন বিভাগ যৌথভাবে কাজ করছে বলে জানান ফাহমি ফাদজিল।
মালয়েশিয়ার ইন্টারনেট নিয়ন্ত্রক সংস্থা এমসিএমসি ২০২৬ সালের শুরু থেকে ১৭ আগস্ট পর্যন্ত যেসব ক্ষতিকর ও নিষিদ্ধ অনলাইন জুয়ার কনটেন্ট চিহ্নিত করেছে, তার ৭৮ শতাংশই ছিল ফেসবুকে। শুধু জুয়াই নয়, বিভিন্ন ভুয়া ও প্রতারণামূলক বিজ্ঞাপনের ক্ষেত্রেও ফেসবুক সবার শীর্ষে রয়েছে, যার হার প্রায় ৫৩ শতাংশ। অনলাইন জুয়ার ক্ষেত্রে ফেসবুকের পর দ্বিতীয় স্থানে রয়েছে ইউটিউব এবং তৃতীয় স্থানে টিকটক।