মাদকবিরোধী অভিযানে পাকিস্তানের সঙ্গে গোয়েন্দা তথ্য বিনিময় ও সহযোগিতা আরও বাড়াতে চায় মালয়েশিয়া। পাকিস্তান সফরের দ্বিতীয় দিনে ইসলামাবাদে দেশটির অ্যান্টি-নারকোটিকস ফোর্সের (এএনএফ) সদর দপ্তর পরিদর্শন করে এ বিষয়ে আলোচনা করেন মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুতিওন ইসমাইল।
এএনএফের মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মঈদের সঙ্গে বৈঠকে বর্তমান মাদক পরিস্থিতি, আঞ্চলিক মাদক পাচারের রুট এবং আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান নিয়ে আলোচনা হয়। বিশেষ করে মেথামফেটামিনের মতো কৃত্রিম মাদকের বিস্তার এবং সীমান্ত পেরিয়ে সংঘবদ্ধ অপরাধী চক্রের কার্যক্রম নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়।
সাইফুদ্দিন নাসুতিওন বলেন, আফগানিস্তান থেকে মাদক পাচারের প্রবাহের কারণে পাকিস্তান গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছে। এসব পাচারের রুট আবার পূর্ব ও দক্ষিণ-পূর্ব এশিয়া পর্যন্ত বিস্তৃত। তাই শুধু নিজ নিজ দেশের সীমান্ত বা আসিয়ান অঞ্চলের মধ্যে থেকে এ হুমকি মোকাবিলা করা সম্ভব নয়।
মালয়েশিয়া ও পাকিস্তানের মধ্যে মাদকবিরোধী অভিযানে আগের সহযোগিতার কথাও তুলে ধরেন তিনি। ২০১২ থেকে ২০১৮ সাল পর্যন্ত দুই দেশের মধ্যে ২৮টির বেশি মামলায় সমন্বয় হয়েছিল। সেই সহযোগিতা আবারও সক্রিয় করার উদ্যোগ নেওয়া হচ্ছে।
এর অংশ হিসেবে গোয়েন্দা তথ্য বিনিময়, সমন্বিত অভিযান, প্রশিক্ষণ এবং দুই দেশের সংশ্লিষ্ট সংস্থার মধ্যে দক্ষতা ও অভিজ্ঞতা বিনিময় বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে।
মাদকবিরোধী সহযোগিতাকে আরও কার্যকর ও সুসংগঠিত করতে দুই দেশের মধ্যে একটি সমঝোতা স্মারক করার প্রস্তাব নিয়েও আলোচনা হয়েছে।
সাইফুদ্দিন বলেন, আন্তর্জাতিক মাদক চক্র দিন দিন আরও সংগঠিত ও আধুনিক হচ্ছে। তাই শুধু কাগজে-কলমে সহযোগিতা নয়, গোয়েন্দা তথ্য দ্রুত বিনিময় করে তা অভিযানে কাজে লাগাতে হবে। মাদক দেশে পৌঁছানোর আগেই আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে এর সরবরাহ চেইন ভেঙে দেওয়ার ওপর গুরুত্ব দেন তিনি।