মালয়েশিয়ার কুয়ালালামপুরে বাণিজ্যিক যানবাহনের চালকদের বিরুদ্ধে মাদকবিরোধী যৌথ অভিযানে দুই চালককে আটক করা হয়েছে। সড়ক নিরাপত্তা জোরদারে গোমবাক টোল প্লাজায় এ অভিযান পরিচালনা করে দেশটির সড়ক পরিবহন বিভাগ—জেপিজে।
জেপিজের সঙ্গে অভিযানে অংশ নেয় জাতীয় মাদকবিরোধী সংস্থা, পুলিশের ট্রাফিক তদন্ত ও প্রয়োগ বিভাগ এবং পর্যটন, শিল্প ও সংস্কৃতি মন্ত্রণালয়।
অভিযানে ট্রাক, বাসসহ বিভিন্ন বাণিজ্যিক যানবাহনের ড্রাইভিং লাইসেন্স, রোড ট্যাক্স, পিএসভি ও জিডিএল লাইসেন্স, বীমা, পারমিট এবং যানবাহনের ফিটনেস পরীক্ষা করা হয়।
এতে মোট ২২৮টি বাণিজ্যিক যানবাহন তল্লাশি করে বিভিন্ন অনিয়মে ৪৩টির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। এ সময় ৭৫টি নোটিশ দেওয়া হয় এবং একটি বাস জব্দ করা হয়।
এদিকে, ৭৪ জন চালকের মাদক পরীক্ষা করে দুইজনের শরীরে মেথঅ্যামফেটামিন ও গাঁজার উপস্থিতি পাওয়া যায়। আটক দুইজনের একজন কাঠবোঝাই লরির চালক, অন্যজন ভাড়ার গাড়ির চালক। তাদের বিরুদ্ধে তদন্ত চলছে।
এ ছাড়া পর্যটন মন্ত্রণালয়ের পরিদর্শনে একটি পর্যটনবাহী গাড়িতে লাইসেন্সধারী ট্যুর গাইড না থাকার অভিযোগও পাওয়া গেছে।
জেপিজে জানিয়েছে, সড়কে শৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিত করতে মাদকাসক্ত চালক ও আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে যৌথ অভিযান আরও জোরদার করা হবে।