মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশ প্রসঙ্গ নিয়েও আলোচনা হয়েছে। ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি এ তথ্য জানিয়েছেন।
বিক্রম মিশ্রি বলেন, ‘বাংলাদেশের সাম্প্রতিক ঘটনা নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তার পর্যবেক্ষণ শেয়ার করেছেন। এমনকি বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে তিনি যে চিন্তিত সেটিও আলোচনা করেছেন। এছাড়া ভারত বাংলাদেশের পরিস্থিতি কীভাবে দেখে সেটিও বলেছেন।’
তবে মোদি ও ট্রাম্পের মধ্যে বাংলাদেশ নিয়ে ঠিক কি কথা হয়েছে সে বিষয়ে স্পষ্ট কিছু জানাননি বিক্রম মিশ্রি। ধারণা করা হচ্ছে, বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর কথিত হামলা ও নির্যাতনের ব্যাপারে ট্রাম্পের কাছে অভিযোগ করেছেন মোদি।
গত বছরের ৫ আগস্ট ছাত্রজনতার গণঅভ্যুত্থানে ক্ষমতা ছেড়ে পালিয়ে যান শেখ হাসিনা। আশ্রয় নেন ভারতে। পর ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। ওই সময় থেকে ভারত সংখ্যালঘুদের ওপর নির্যাতন নিয়ে মনগড়া কথা বলে আসছে ভারত।
বিক্রম মিশ্রি সংবাদ সম্মেলনে আরও বলেন, ‘আমরা আশা করি বাংলাদেশের পরিস্থিতি এমন দিকে এগোবে, যেখানে আমরা তাদের সঙ্গে গঠনমূলক ও স্থিতিশীল উপায়ে সম্পর্ক গড়তে পারব।’
গত বছরের আগস্টে গণঅভ্যুত্থানে শেখ হাসিনা পালিয়ে গিয়ে ভারতে আশ্রয় নেওয়ার পর ঢাকা ও দিল্লির মধ্যে সম্পর্কের অবনতি ঘটতে থাকে।
পরবর্তীতে ভারত বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের ওপর সংখ্যালঘুদের কথিত নির্যাতন বন্ধে ব্যর্থতার দায় চাপিয়ে সম্পর্ক আরও অবনতির দিকে নিয়ে যায়।