মালয়েশিয়ায় প্রি-ইউনিভার্সিটি বা ফরম সিক্সের শিক্ষার্থীদের জন্য ভাতা চালু করতে যাচ্ছে সরকার। আগামী অক্টোবর মাসে ২০২৭ সালের বাজেট ঘোষণার সময় এ খাতে বরাদ্দ রাখার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম।
বুকিত মারতাজামের আইপিজি কামপুস তুয়াংকু বাইনুনে আয়োজিত ‘তেমু আনোয়ার’ অনুষ্ঠানে তিনি বলেন, প্রাথমিক থেকে ফরম ফাইভ পর্যন্ত শিক্ষার্থীরা বিভিন্ন ভাতা পেলেও ফরম সিক্সের শিক্ষার্থীরা এতদিন কোনো ভাতা পেতেন না।
প্রি-ইউনিভার্সিটি শিক্ষার্থীদের সঙ্গে আলোচনার পর বিষয়টি নিয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে জানিয়ে আনোয়ার বলেন, আগামী বাজেটে ফরম সিক্সের শিক্ষার্থীদের জন্য ভাতার বরাদ্দ অনুমোদন করা হবে।
তবে শিক্ষার্থীরা কত টাকা ভাতা পাবেন, তা এখনো নির্ধারণ করা হয়নি। সরকারের আর্থিক সক্ষমতা বিবেচনা করে ভাতার পরিমাণ ঠিক করা হবে বলে জানান তিনি।
এর আগে, শিক্ষামন্ত্রী ফাদলিনা সিদেকও জানিয়েছিলেন, ফরম সিক্সের শিক্ষার্থীদের ভাতা দেওয়ার বিষয়টি সরকার বিবেচনা করছে। প্রি-ইউনিভার্সিটি শিক্ষার্থীদের দুই দিনের কংগ্রেসে এ বিষয়ে একটি প্রস্তাবও গৃহীত হয়।
আনোয়ার ইব্রাহিম বলেন, দেশের ভবিষ্যতের জন্য শিক্ষা খাতে বিনিয়োগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই মাদানি সরকারের বাজেটে শিক্ষাই সবচেয়ে বেশি বরাদ্দ পাওয়া খাত।
একই সঙ্গে শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি শৃঙ্খলা, মূল্যবোধ, নৈতিকতা ও সমালোচনামূলক চিন্তার দক্ষতা গড়ে তোলার আহ্বান জানান তিনি। দরিদ্র ও পিছিয়ে পড়া পরিবারের শিক্ষার্থীদের জন্য সমান শিক্ষার সুযোগ নিশ্চিত করার ওপরও গুরুত্ব দেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী।