কুয়ালালামপুর, ১২ আগস্ট : প্রবাসীদের পাঠানো রেমিটেন্সের ফলে এক বছরের মধ্যে বাংলাদেশের অর্থনীতি মজবুত অবস্থায় ফিরে এসেছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
মঙ্গলবার মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের একটি হোটেলে প্রবাসী বাংলাদেশি কমিউনিটির সঙ্গে মতবিনিময় সভায় তিনি বলেন, “স্বৈরশাসনের সময় ব্যাংক খালি করে টাকা চুরি হয়েছিল, ফলে পুরো আর্থিক ব্যবস্থা ভেঙে পড়ে। কিন্তু প্রবাসীদের পাঠানো রেমিটেন্সের কারণে অর্থনীতি আবার শক্ত অবস্থায় দাঁড়িয়েছে।”
প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করা হয়েছে উল্লেখ করে প্রধান উপদেষ্টা জানান, আগামী ফেব্রুয়ারির নির্বাচনে বিদেশে থাকা বাংলাদেশিরাও ভোট দিতে পারবেন। এ নিয়ে নির্বাচন কমিশন কাজ করছে।
তিনি আরও জানান, মালয়েশিয়ার ব্যবসায়ী ও কর্পোরেট প্রতিষ্ঠানের সঙ্গে বৈঠকে বড় ধরনের বিনিয়োগের আশ্বাস পাওয়া গেছে। এছাড়া, প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় যারা অনিয়মিত অবস্থায় আছেন, তাদের সমস্যার সমাধানে সরকার কাজ করবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মালয়েশিয়ায় বাংলাদেশের হাইকমিশনার শামীম আহসান। বক্তব্য দেন আইন, বিচার ও সংসদ বিষয়ক এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা ড. আসিফ নজরুল ও পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে অধ্যাপক ইউনূস তিন দিনের রাষ্ট্রীয় সফরে সোমবার কুয়ালালামপুরে পৌঁছান।