যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হিসেবে অ্যান্ডি বার্নহ্যামের নিয়োগে তাঁকে অভিনন্দন জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। একই সঙ্গে মালয়েশিয়া-যুক্তরাজ্য কৌশলগত অংশীদারত্বকে নতুন উচ্চতায় নিয়ে যেতে তাঁর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেছেন তিনি।
সোমবার নিজের ফেসবুক পোস্টে আনোয়ার ইব্রাহিম বলেন, ডিজিটাল বাণিজ্য চুক্তি চূড়ান্ত করা, কৃত্রিম বুদ্ধিমত্তা, ডিজিটালাইজেশন, পরিচ্ছন্ন জ্বালানি ও প্রতিরক্ষা খাতে সহযোগিতা আরও জোরদারে দুই দেশ একসঙ্গে কাজ করতে পারে।
গাজা পরিস্থিতি নিয়ে অ্যান্ডি বার্নহ্যামের সাম্প্রতিক মন্তব্যকেও স্বাগত জানান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী। তিনি বলেন, গাজায় মানুষের দুর্ভোগের বিষয়ে ব্রিটেনের প্রাথমিক প্রতিক্রিয়া যথেষ্ট ছিল না, বার্নহ্যামের এমন স্বীকারোক্তি এবং ইসরায়েলি সরকারের ওপর আরও চাপ প্রয়োগের আহ্বান একটি ইতিবাচক ও গুরুত্বপূর্ণ প্রথম পদক্ষেপ।
আনোয়ার ইব্রাহিম বলেন, এমন এক সময়ে যখন পশ্চিমা বিশ্বের অনেকেই এ সংকটে প্রয়োজনীয় নৈতিক অবস্থান নিতে ব্যর্থ হয়েছেন, তখন বার্নহ্যামের এই স্বীকৃতি আশাব্যঞ্জক।
তিনি আরও জানান, আগামী বছর মালয়েশিয়া ও যুক্তরাজ্যের কূটনৈতিক সম্পর্কের ৭০ বছর পূর্তি হবে। এই মাইলফলক দুই দেশের দীর্ঘদিনের অংশীদারত্বকে নতুন করে শক্তিশালী করার এবং ভবিষ্যৎ সহযোগিতার নতুন অধ্যায় রচনার একটি গুরুত্বপূর্ণ সুযোগ হয়ে উঠবে বলে তিনি আশা প্রকাশ করেন।
ফেসবুক পোস্টে আনোয়ার ইব্রাহিম সাবেক প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারকেও ধন্যবাদ জানান। দায়িত্ব পালনকালে মালয়েশিয়া-যুক্তরাজ্য সম্পর্ক উন্নয়নে তাঁর অবদানের প্রশংসা করে ভবিষ্যৎ জীবনের জন্য শুভকামনা জানান তিনি।