মালয়েশিয়ার রাষ্ট্রায়ত্ত হজ তহবিল সংস্থা তাবুং হাজিতে আস্থাভঙ্গ, অনিয়ম বা দুর্ব্যবস্থাপনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন দেশটির উপপ্রধানমন্ত্রী ও বারিসান ন্যাশনালের (বিএন) চেয়ারম্যান আহমদ জাহিদ হামিদি।
আজ বৃহস্পতিবার গ্রামীণ ও আঞ্চলিক উন্নয়ন মন্ত্রণালয়ের মাসিক সমাবেশ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জাহিদ হামিদি বলেন, সরকারি সংস্থা ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানে অনিয়ম বা দুর্ব্যবস্থাপনায় জড়িত প্রমাণিত হলে সংশ্লিষ্ট ব্যক্তিদের অবশ্যই জবাবদিহির আওতায় আনতে হবে।
তিনি বলেন, ‘তাদের অবশ্যই এর পরিণতি ভোগ করতে হবে। এ ধরনের অনিয়মের ক্ষেত্রে কোনো ধরনের আপস করা উচিত বলে আমি মনে করি না।’
আগামী ১১ আগস্ট রয়্যাল কমিশন অব ইনকোয়ারি (আরসিআই) প্রকাশিত তাবুং হাজি সংক্রান্ত তদন্ত প্রতিবেদন নিয়ে মালয়েশিয়ার পার্লামেন্টে বিশেষ অধিবেশন অনুষ্ঠিত হবে।
গত ২৯ জুলাই প্রকাশিত আরসিআই প্রতিবেদনে তাবুং হাজির অতীতের বিনিয়োগ সিদ্ধান্তগুলোর ওপর ফরেনসিক অডিট করার সুপারিশ করা হয়। প্রতিবেদনে বলা হয়, এসব বিনিয়োগের কারণে সংস্থাটির সম্পদের মূল্য উল্লেখযোগ্যভাবে কমে যায়।
২০১৪ থেকে ২০২০ সাল পর্যন্ত তাবুং হাজির ব্যবস্থাপনা ও কার্যক্রম তদন্ত করে আরসিআই বেশ কিছু সন্দেহজনক লেনদেন এবং তথ্য গোপনের প্রমাণ পাওয়ার কথাও উল্লেখ করেছে।