আক্রা : ঘানার আশান্তি অঞ্চলে একটি ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ১২ জন নিহত এবং আরও দুইজন গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার গভীর রাতে এ দুর্ঘটনা ঘটে বলে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, কুমাসি-টেকিমান মহাসড়কে একটি বাণিজ্যিক মিনিবাসের সঙ্গে একটি ট্রেলারের মুখোমুখি সংঘর্ষ হলে এ দুর্ঘটনা ঘটে।
Nkenkaasu Government Hospital-এর চিকিৎসা কর্মকর্তারা বুধবার জানান, দুর্ঘটনার পর মোট ১৪ জনকে হাসপাতালে আনা হয়েছিল।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, “হাসপাতালে আনার পরপরই ১২ জনকে মৃত ঘোষণা করা হয়। আহত আরও দুইজন আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।”
এছাড়া নিহতদের মরদেহ শনাক্তকরণের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলেও জানানো হয়।
পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।
ঘানায় সড়ক দুর্ঘটনা একটি বড় উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। এ ধরনের দুর্ঘটনা কমাতে চালকদের ট্রাফিক আইন মেনে চলা এবং মহাসড়কে সতর্কতার সঙ্গে গাড়ি চালানোর আহ্বান জানিয়ে আসছে কর্তৃপক্ষ।