ঢাকা, ২১ মে ২০২৬: বাংলাদেশ সেনাবাহিনীর ফায়ারিং প্রতিযোগিতা-২০২৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আজ বৃহস্পতিবার (২১ মে ২০২৬) কুমিল্লা সেনানিবাসে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, একজন সেনাসদস্যের পেশাগত উৎকর্ষতা অর্জনে ফায়ারিং দক্ষতা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যা মৌলিক সামরিক প্রশিক্ষণের অবিচ্ছেদ্য অংশ। তিনি আরও উল্লেখ করেন, সেনাবাহিনীর এই ধরনের বার্ষিক ফায়ারিং প্রতিযোগিতা সদস্যদের দক্ষতা বৃদ্ধি ও মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
এবারের প্রতিযোগিতায় ১৭ পদাতিক ডিভিশন চ্যাম্পিয়ন এবং প্যারা কমান্ডো ব্রিগেড রানারআপ হওয়ার গৌরব অর্জন করে। ব্যক্তিগত পর্যায়ে সৈনিক পিয়াল মন্ডল (১৭ পদাতিক ডিভিশন) শ্রেষ্ঠ ফায়ারার, সৈনিক তানভীর হোসেন (১০ পদাতিক ডিভিশন) দ্বিতীয় শ্রেষ্ঠ ফায়ারার এবং সৈনিক জবা আক্তার (২৪ পদাতিক ডিভিশন) শ্রেষ্ঠ মহিলা ফায়ারার হিসেবে স্বীকৃতি অর্জন করেন।
উল্লেখ্য, গত ১৬ মে ২০২৬ তারিখে সদর দপ্তর ৩৩ পদাতিক ডিভিশনের সার্বিক ব্যবস্থাপনায় শুরু হওয়া এই প্রতিযোগিতায় বাংলাদেশ সেনাবাহিনীর সকল ফরমেশন, লজিস্টিকস্ এরিয়া, পাঁচটি স্বতন্ত্র ব্রিগেড এবং প্যারা কমান্ডো ব্রিগেডসহ মোট ১৭টি দল অংশগ্রহণ করে।
অনুষ্ঠানে মাস্টার জেনারেল অব দি অর্ডন্যান্স (এমজিও), কমান্ড্যান্ট বাংলাদেশ অর্ডন্যান্স ফ্যাক্টরি, জিওসি ৩৩ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার কুমিল্লা, জিওসি ১৭ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার সিলেটসহ সেনাসদর ও বিভিন্ন ফরমেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং গণমাধ্যম প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।