এক দশকেরও বেশি আগে শাহ আলমে নতুন রেল ট্রানজিট ব্যবস্থা চালুর প্রস্তাব দিয়েছিলেন মালয়েশিয়ার সেলাঙ্গরের সুলতান শারাফউদ্দিন ইদ্রিস শাহ। সেই প্রস্তাব বাস্তবায়নের পর সোমবার প্রথমবারের মতো শাহ আলম এলআরটি-৩ লাইনে ভ্রমণ করেছেন তিনি।
সোমবার সকাল সাড়ে ১০টায় সুলতান শারাফউদ্দিন ইদ্রিস শাহ, সেলাঙ্গরের তেংকু পারমাইসুরি নোরাশিকিন এবং যুবরাজ তেংকু আমির শাহ বান্দার উতামা স্টেশনে পৌঁছান।
সেখান থেকে তারা বিশেষ এলআরটি-৩ ট্রেনে জোহান সেতিয়া স্টেশনের উদ্দেশে যাত্রা করেন। প্রায় এক ঘণ্টার এ যাত্রায় ট্রেনটি শাহ আলম লাইনের ২০টি স্টেশন অতিক্রম করে।
এ সফরের মাধ্যমে সেলাঙ্গরের ক্রমবর্ধমান জনসংখ্যার জন্য আধুনিক ও টেকসই গণপরিবহনের গুরুত্ব তুলে ধরা হয়। একই সঙ্গে জনগণের চাহিদা ও সমস্যার সমাধানে সুলতানের দীর্ঘদিনের অঙ্গীকারেরও প্রতিফলন ঘটে।
ক্লাং, শাহ আলম ও কুয়ালালামপুরগামী সড়কে তীব্র যানজট নিয়ে সাধারণ মানুষের অসংখ্য অভিযোগ ও চিঠি পাওয়ার পর সুলতান নতুন রেলপথ নির্মাণের প্রস্তাব দেন। এর লক্ষ্য ছিল যোগাযোগব্যবস্থা উন্নত করা এবং যানজট কমানো।