ইন্দোনেশিয়ার প্রযুক্তিভিত্তিক জলজ চাষ স্টার্টআপ ই-ফিশারিতে সরকারি অবসর তহবিল কেডব্লিউএপির ১৬৩ দশমিক ৪ মিলিয়ন রিঙ্গিত বিনিয়োগে লোকসান হলেও এটিকে তহবিলের সামগ্রিক পারফরম্যান্সের প্রেক্ষাপটে দেখার আহ্বান জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম।
তিনি বলেন, এই বিনিয়োগে কোনো রাজনৈতিক হস্তক্ষেপ ছিল না। পেশাদার তহবিল ব্যবস্থাপক, সম্ভাব্যতা যাচাই এবং বিনিয়োগ প্যানেলের অনুমোদনের মাধ্যমেই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।
আনোয়ার ইব্রাহিম জানান, ই-ফিশারির আর্থিক জালিয়াতির ঘটনায় প্রতিষ্ঠানটির সাবেক প্রধান নির্বাহী কারাগারে রয়েছেন। একই প্রতিষ্ঠানে সিঙ্গাপুরের তেমাসেক, জাপানের সফটব্যাংকসহ বিশ্বের কয়েকটি শীর্ষ বিনিয়োগকারীও অর্থ বিনিয়োগ করেছিল।
তিনি বলেন, কেডব্লিউএপি এ ঘটনায় প্রায় ১৬০ মিলিয়ন রিঙ্গিত হারালেও প্রতিষ্ঠানটি ১২ দশমিক ৯ বিলিয়ন রিঙ্গিত নিট মুনাফা করেছে এবং তহবিলের আকার বেড়েছে ৯ দশমিক ৩ বিলিয়ন রিঙ্গিত। তাই একটি বিনিয়োগের লোকসান দিয়ে পুরো প্রতিষ্ঠানের কার্যক্রম মূল্যায়ন করা উচিত নয়।
তবে ঘটনাটি থেকে শিক্ষা নেওয়ার কথা জানিয়ে আনোয়ার বলেন, সরকার বিষয়টি তদন্তে পূর্ণ সহযোগিতা করবে। দুর্নীতির কোনো প্রমাণ পাওয়া গেলে মালয়েশিয়ার দুর্নীতি দমন কমিশন (এমএসিসি) প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।