গত ১ এপ্রিল সিরিয়ার দামেস্কে ইরানি কনস্যুলেটে হামলা চালায় ইসরায়েল। হামলায় ইরানের কয়েকজন শীর্ষ সেনা কর্মকর্তা নিহত হন। জবাবে গত ১৩ এপ্রিল শনিবার রাতে ইসরায়েলকে লক্ষ্য করে তিন শতাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরানের রেভল্যুশনারি গার্ড কোর আইআরজিসি। এ হামলার প্রতিশোধ নিতে ইরানে পাল্টা হামলার কথা বলে আসছিল ইসরায়েল।
এবার আশঙ্কাই সত্যি হলো, ইরানের হামলার পর পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল। ইরানের ইস্পাহান শহরের ইসরায়েলি বাহিনী এ হামলা চালিয়েছে।
ইরানি বার্তা সংস্থা ফার্সের প্রতিবেদন বলছে, ইরানের ইস্পাহান শহরের বিমানবন্দরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে।এর আগে ইসরায়েল পাল্টা হামলা চালালে পরিণতি ভালো হবে না বলে হুঁশিয়ারি দিয়েছে তেহরান। এ ছাড়া ইরানে পাল্টা হামলা না করার জন্য তেল আবিবকে অওভান আহ্বান জানায় আমেরিকাসহ অন্যান্য পশ্চিমা মিত্ররাও।১৯ এপ্রিল শুক্রবার ভোররাতে ইরানের মধ্যাঞ্চলীয় ইস্পাহান প্রদেশের আকাশে আলোর ঝলকানি দেখা গেছে। সক্রিয় করা হয়েছে ইরানের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা।
মার্কিন সামরিক কর্মকর্তারা বলছেন, ইসরায়েলের একটি ক্ষেপণাস্ত্র ইরানে আঘাত হেনেছে। অপরদিকে ইরানের কর্মকর্তারা বলছেন, দেশের বাইরে থেকে নয় বরং ইরানের ভেতর থেকে অনুপ্রেবশকারীরা এ হামলা চালিয়েছে।
ইস্পাহান কেন হামলার টার্গেট
ইরানে হামলার ক্ষেত্রে দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর ইস্পাহানকে কেন বেছে নেয়া হলো এ প্রসঙ্গে পারমাণবিক ও রাসায়নিক অস্ত্রবিশেষজ্ঞরা বলছেন, ইস্পাহান টার্গেট হওয়াটা খুবই স্বাভাবিক কারণ ইরানের এই শহর ঘিরে একাধিক সামরিক ঘাঁটি রয়েছে। তার একটি লক্ষ্য করেই ভোররাতে হামলা হয়েছে বলে মনে করছেন তারা।
ইরান যেখানে পারমাণবিক অস্ত্র তৈরি করছে বলে ইসরায়েলসহ পশ্চিমা দেশগুলোর দাবি, সেই পারমাণবিক স্থাপনার আশপাশে হামলার ঘটনাটি ঘটেছে। এর মধ্য দিয়ে মূলত ইরানে হামলা করার সক্ষমতার বিষয়ে জানান দিতে চেয়েছে ইসরায়েল। ইরানের ছোড়া তিন শতাধিক ক্ষেপণাস্ত্রের প্রায় সব কটিই ইসরায়েল ভূপাতিত করেছিল। তবে ইসরায়েলের ছোড়া তিনটি ক্ষেপণাস্ত্রের সবকটি সফলভাবে আঘাত করেছে।
ইরানে হামলা করার দাবি জানিয়েছে ইসরায়েলি গণমাধ্যম আর হামলা নয় নিজেদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা উন্নত হওয়ার কারণেই বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে দাবি করেছে ইরানি গণমাধ্যম। দুই দেশের গণমাধ্যমে হামলা নিয়ে তোলপাড় হলেও এই বিষয়ে তেল আবিব বা তেহরান সরকার কোনো মন্তব্য করেনি।ইরানে ইসরায়েলি বাহিনীর হামলার খবর প্রকাশ হওয়ার পর থেকে বিশ্বজুড়ে উৎক্ঠা তৈরি হয়েছে।