একটি দেশের অগ্রগতি শুধু অর্থনৈতিক সাফল্য, প্রযুক্তিগত উন্নয়ন কিংবা আকাশচুম্বী ভবন নির্মাণের মাধ্যমে পরিমাপ করা যায় না। বরং নৈতিকতা, মানবিক মূল্যবোধ, জ্ঞানচর্চার সংস্কৃতি এবং সমাজের প্রতি দায়িত্ববোধই একটি জাতিকে প্রকৃত অর্থে শক্তিশালী করে তোলে বলে মন্তব্য করেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিম।
সোমবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি বলেন, বর্তমান বিশ্ব নানা ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি। এ পরিস্থিতিতে মালয়েশিয়াকে বৈশ্বিক অভিজ্ঞতা থেকে শিক্ষা নিতে হবে। একই সঙ্গে আত্মবিশ্বাস, পেশাগত দক্ষতা ও দৃঢ় বিশ্বাসের ভিত্তিতে নিজেদের ভবিষ্যতের পথ নির্ধারণ করতে হবে।
আনোয়ার ইব্রাহিম বলেন, দেশের জাতীয় প্রতিষ্ঠানগুলোর মর্যাদা আরও সুদৃঢ় করতে সরকারি সব সংস্থাকে একযোগে কাজ করতে হবে। এর মাধ্যমে একটি স্বাভাবিক, সহনশীল ও মর্যাদাপূর্ণ ভবিষ্যৎ গড়ে তোলার জন্য প্রয়োজনীয় ভিত্তি তৈরি করা সম্ভব হবে।
তিনি আরও বলেন, সরকার মালয়েশিয়ার দীর্ঘমেয়াদি উন্নয়ন ও রাষ্ট্রীয় সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে মূল্যবোধনির্ভর ও দায়িত্বশীল প্রশাসন গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ।