সংস্কারের ব্যাপারে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কোনও ধরনের নেগোসিয়েশন করবে না বলে জানিয়েছেন দলটির মুখপাত্র ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র প্রার্থী আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। শনিবার (৯ মে) সন্ধ্যায় এনসিপির ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র প্রার্থী আরিফুল ইসলাম আদীবের নির্বাচনি প্রস্তুতি ও উত্তর সিটির ৫৪টি ওয়ার্ডের প্রতিনিধিদের নিয়ে আয়োজিত রাজনৈতিক কর্মশালায় বক্তব্যকালে এমনটা জানান তিনি।
আসিফ মাহমুদ বলেন, দেশে আর পুরোনো বন্দোবস্তের রাজনীতি হবে না। নতুন রাজনৈতিক বন্দোবস্ত চাওয়া শক্তিগুলোর মধ্যেই প্রতিদ্বন্দ্বিতা হবে। আমরা শুধু শেখ হাসিনার পতন চাইনি, ফ্যাসিবাদ ব্যবস্থার বিলোপ চেয়েছিলাম। এ সময় পুরোনো কথা ভুলে গিয়ে বর্তমান সরকার ফেলে যাওয়া আওয়ামী লীগের আসনে বসেছে বলেও মন্তব্য করেন তিনি।
জুলাই গণঅভ্যুত্থানে সবার ঐক্যের কথা উল্লেখ করে তিনি বলেন, আমাদের ঐক্য ধরে রাখতে হবে। সংস্কারের লড়াই চালিয়ে যেতে হবে। এ সময় এনসিপি পেশিশক্তির রাজনীতিতে আগ্রহী নয় উল্লেখ করে জনগণের শক্তিকে কাজে লাগিয়ে ক্ষমতায় যাওয়ার প্রত্যাশার কথাও জানান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।