মালয়েশিয়ায় বসবাসরত বাংলাদেশিদের দাপ্তরিক কাজে চলাচলের সময় প্রয়োজনীয় ও বৈধ কাগজপত্র সঙ্গে রাখার আহ্বান জানিয়েছে বাংলাদেশ হাইকমিশন।
সোমবার (১৪ সেপ্টেম্বর) কুয়ালালামপুরে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের পক্ষ থেকে এক নির্দেশনায় প্রবাসীদের এ বিষয়ে সতর্ক করা হয়।
হাইকমিশন জানায়, মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগের চলমান দেশব্যাপী অভিযানের অংশ হিসেবে কুয়ালালামপুরের ই-এসকেএল ভবনসংলগ্ন এলাকা ও ভবনের নিচতলায় থাকা কয়েকজন বাংলাদেশিকে সাময়িকভাবে জিজ্ঞাসাবাদ করেন ইমিগ্রেশন কর্মকর্তারা।
বিষয়টি জানার পর বাংলাদেশ হাইকমিশন দ্রুত মালয়েশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়কে অবহিত করে। পরে ইমিগ্রেশন পুলিশ সেবা নিতে যাওয়া ওই বাংলাদেশিদের পাসপোর্টসংক্রান্ত অ্যাপয়েন্টমেন্ট এবং পাসপোর্ট গ্রহণের কাগজপত্র যাচাই করে ছেড়ে দেয়।
এ পরিস্থিতিতে মালয়েশিয়ায় থাকা বাংলাদেশিদের যেকোনো সরকারি বা দাপ্তরিক কাজে বাইরে যাওয়ার সময় পাসপোর্টসহ প্রয়োজনীয় ও বৈধ নথিপত্র সঙ্গে রাখার পরামর্শ দিয়েছে হাইকমিশন।
প্রবাসীদের বিষয়টি নিয়ে মালয়েশিয়া সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে বাংলাদেশ হাইকমিশনের যোগাযোগ অব্যাহত রয়েছে বলেও জানানো হয়েছে।