দক্ষিণ-পূর্ব এশিয়ার বৃহত্তম সামুদ্রিক ও মহাকাশ-প্রতিরক্ষা প্রদর্শনী ল্যাংকাউই আন্তর্জাতিক মেরিটাইম অ্যান্ড অ্যারোস্পেস এক্সিবিশন ২০২৭ এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছে মালয়েশিয়া। মঙ্গলবার কুয়ালালামপুরের মালয়েশিয়া আন্তর্জাতিক বাণিজ্য ও প্রদর্শনী কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে এই আন্তর্জাতিক আয়োজনের প্রস্তুতির আনুষ্ঠানিক সূচনা হয়।
অনুষ্ঠানে উদ্বোধন করেন মালয়েশিয়ার সশস্ত্র বাহিনীর প্রধান জেনারেল হাজি মালেক রাজাক সুলাইমান। তাঁর সঙ্গে ছিলেন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মহাসচিব ও ল্যাংকাউই আন্তর্জাতিক মেরিটাইম অ্যান্ড অ্যারোস্পেস এক্সিবিশন ২০২৭ এর সহসভাপতি লোকমান হাকিম আলী।
‘সমুদ্র, আকাশ ও মহাকাশে টেকসই ভবিষ্যতের পথরেখা’ প্রতিপাদ্য নিয়ে আগামী ২০ থেকে ২৪ এপ্রিল ২০২৭ পর্যন্ত কেদাহ অঙ্গরাজ্যের ল্যাংকাউইয়ে অনুষ্ঠিত হবে এই প্রদর্শনী।
মালয়েশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং গ্লোবাল এক্সিবিশন অ্যান্ড কনফারেন্স যৌথভাবে দুই বছর পরপর এই প্রদর্শনীর আয়োজন করে। আয়োজকদের মতে, এটি দক্ষিণ-পূর্ব এশিয়ার সবচেয়ে বড় সামুদ্রিক, প্রতিরক্ষা ও মহাকাশ প্রদর্শনী হিসেবে ইতোমধ্যে আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করেছে।
এতে বিশ্বের চারটি শীর্ষ অ্যারোবেটিক উড়োজাহাজ প্রদর্শনী দলের অংশগ্রহণের আশা করা হচ্ছে। এ ছাড়া ৩৬টি দেশের প্রায় ৯৩০টি প্রতিষ্ঠান, ৬৫টি দেশের ৪৫০ জনের বেশি সরকারি প্রতিনিধি এবং পাঁচ দিনে প্রায় চার লাখ দর্শনার্থী অংশ নেবেন বলে প্রত্যাশা আয়োজকদের।
এবারের প্রদর্শনীতে কৃত্রিম বুদ্ধিমত্তা, স্বয়ংক্রিয় প্রতিরক্ষা ব্যবস্থা, মানববিহীন আকাশযান, সাইবার নিরাপত্তা এবং মহাকাশ প্রযুক্তি বিশেষ গুরুত্ব পাবে। পাশাপাশি প্রতিরক্ষা কূটনীতি জোরদার, আন্তর্জাতিক কৌশলগত অংশীদারত্ব সম্প্রসারণ এবং মালয়েশিয়ার প্রতিরক্ষা শিল্পের বিকাশেও এই আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিরক্ষা মন্ত্রণালয় ও মালয়েশিয়ার সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন দেশের কূটনৈতিক প্রতিনিধি, দেশি-বিদেশি প্রতিরক্ষা শিল্পের প্রতিনিধিসহ কৌশলগত অংশীদারেরা উপস্থিত ছিলেন।