বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত পিরোজপুর-১ আসনের এমপি পদপ্রার্থী ও জিয়ানগর উপজেলার সাবেক চেয়ারম্যান মাসুদ সাঈদী বলেছেন, “বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে যে দলই ক্ষমতায় এসেছে, তারা কোনো না কোনোভাবে দুর্নীতি, লুটপাট ও স্বজনপ্রীতির মাধ্যমে দেশের ক্ষতি করেছে। এই দুর্নীতিই আজ আমাদের উন্নয়নের সবচেয়ে বড় বাধা।”
শনিবার (২৫ অক্টোবর) বিকেলে পিরোজপুর সদর উপজেলার শংকরপাশা ইউনিয়নের চিথলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ময়দানে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, আলেম-ওলামা ও গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন।
মাসুদ সাঈদী অভিযোগ করে বলেন, “সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ১৫ বছরের অবৈধ শাসনামলে প্রায় ২৩ হাজার ৪০০ কোটি ডলার বা ২৮ লাখ ৫৪ হাজার ৮০০ কোটি টাকা দেশ থেকে লুট করেছে। শুধু পিরোজপুর থেকেই আওয়ামী লীগের এক এমপি লুট করেছে এক হাজার সাতশ কোটি টাকা।”
তিনি আরও বলেন, “৫ আগস্টের পর বাংলাদেশ নতুন অধ্যায়ে প্রবেশ করেছে—নতুন বাংলাদেশ গড়ার শপথ নিয়েছে। এই নতুন বাংলাদেশে কোনো চাঁদাবাজ, কোনো সন্ত্রাসী, কোনো দুর্নীতিবাজের জায়গা হবে না। দুর্নীতির সঙ্গে জড়িত যে-ই হোক, জনগণ তাকে প্রত্যাখ্যান করবে।”
জামায়াতের প্রার্থী দাবি করেন, দেশের অব্যবস্থা, লুটপাট ও দুর্নীতির রাজনীতি বন্ধ করতে একমাত্র বাংলাদেশ জামায়াতে ইসলামীই সক্ষম। তিনি বলেন, “জামায়াতের মন্ত্রী, এমপি, উপজেলা চেয়ারম্যানগণ দায়িত্ব পালনকালে দুর্নীতিমুক্ত থেকে প্রমাণ করেছেন—সদিচ্ছা থাকলে সৎভাবে রাষ্ট্র পরিচালনা সম্ভব।”
তিনি ভোটারদের উদ্দেশে বলেন, “আদর্শ সমাজ গড়তে হলে দুর্নীতিমুক্ত মার্কা দাঁড়িপাল্লা, ন্যায়-ইনসাফের মার্কায় ভোট দিন। আমরা চাই একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র, যেখানে নেতৃত্ব আসবে সততা ও জনগণের আস্থার ভিত্তিতে।”
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর পিরোজপুর জেলা নায়েবে আমির মাওলানা আব্দুর রব, জেলা সেক্রেটারি জহিরুল হক, এবং অন্যান্য নেতৃবৃন্দ।
এছাড়াও উপস্থিত ছিলেন জেলা সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুর রাজ্জাক শেখ, ছাত্রশিবির জেলা সভাপতি ইমরান হোসেন, সদর উপজেলা আমির মাওলানা সিদ্দিকুর রহমান, উপজেলা সেক্রেটারি মো. আরিফ বিল্লাহ, এবং শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আল-আমিন ফকির।