ঢাকা: ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার (ডিআইটিএফ) নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী বছর থেকে মেলার নতুন নাম হবে ঢাকা বাণিজ্য মেলা (ডিটিএফ)। এই সিদ্ধান্ত নেওয়া হয় সোমবার ইপিবির কার্যালয়ে অনুষ্ঠিত ১৪৮তম পরিচালনা পর্ষদের বৈঠকে।
সভায় আগামী ২০২৫-২৬ অর্থবছরের মেলা ক্যালেন্ডার এবং ২০২৬-২৭ অর্থবছরের আংশিক মেলা ক্যালেন্ডারও অনুমোদন করা হয়েছে। বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান, ইপিবির ভাইস চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন, অতিরিক্ত সচিব (রপ্তানি) আবদুর রহিম খান, বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান, মেট্রো চেম্বারের সভাপতি কামরান তানভীর রহমান প্রমুখ।
বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, ডিআইটিএফ মূলত দেশি-বিদেশি ক্রেতা-বিক্রেতাদের নিয়ে আন্তর্জাতিক মানসম্পন্ন পণ্য ও প্রযুক্তি প্রদর্শনের লক্ষ্যে আয়োজিত হতো। কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে দেখা গেছে, অনেক বিদেশি প্রতিষ্ঠান দূতাবাস বা সরকারি প্রতিনিধিদলের মাধ্যমে নয়, স্থানীয় এজেন্ট বা ব্যক্তির মাধ্যমে অংশ নিচ্ছে। ফলে পণ্যের মান যাচাই করা যাচ্ছে না এবং কখনও কখনও স্থানীয় বাজারে বিদেশি ব্র্যান্ডের নাম ব্যবহার করে মানহীন পণ্য প্রদর্শন করা হচ্ছে।
এই পরিস্থিতি বিবেচনায় নিয়ে মেলার আন্তর্জাতিক ভাবমূর্তিকে আরও শক্তিশালী করতে এবং সরাসরি অংশগ্রহণ নিশ্চিত করতে নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে তুরস্ক, পাকিস্তান, ভারতসহ বিভিন্ন দেশের প্রতিষ্ঠান আগের মতোই মেলায় অংশ নিতে পারবে।
সাধারণ ও রপ্তানিমুখী শিল্প খাতের জন্য বৈশ্বিক বাজার সম্প্রসারণ এবং বাজার বহুমুখীকরণের কৌশল বাস্তবায়নের জন্য ইপিবি আগামী নভেম্বরে ‘সোর্সিং বাংলাদেশ ২০২৫’ শীর্ষক নতুন একটি আন্তর্জাতিক সোর্সিং মেলার আয়োজনের অনুমোদনও দিয়েছে।
বাণিজ্য সচিব মাহবুবুর রহমান বলেন, “সোর্সিং মেলা আয়োজন না করলে আন্তর্জাতিক অঙ্গনে দেশি পণ্যের পরিচিতি বাড়বে না। এটি আমাদের সক্ষমতা ও বাজার সম্প্রসারণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেন, “প্রতিটি মেলার ফলাফল বিশ্লেষণ করে আমাদের লক্ষ্য অনুযায়ী অংশগ্রহণ করতে হবে, যাতে দেশের ব্যবসা ও রপ্তানি বৃদ্ধি পায়।”