কুয়ালালামপুর, ১৮ জুন: দীর্ঘমেয়াদে জ্বালানি ও তেল সরবরাহ নিশ্চিত করতে কৌশলগত সহযোগিতা সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে মালয়েশিয়া ও রাশিয়া। এ লক্ষ্যে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এর মধ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বৈঠকে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন বিষয় পর্যালোচনা করা হয় এবং বিশেষ করে জ্বালানি খাতে সহযোগিতা আরও জোরদারের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। উভয় দেশই জ্বালানি খাতকে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করছে।
এ সময় অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণের বিষয়ও গুরুত্ব পায়। দীর্ঘমেয়াদে জ্বালানি ও তেল সরবরাহে সহযোগিতা দেওয়ার ক্ষেত্রে রাশিয়ার ইতিবাচক অবস্থানকে স্বাগত জানায় মালয়েশিয়া।
এছাড়া বৈঠকে নতুন প্রযুক্তি, সাইবার নিরাপত্তা, ডিজিটাল উন্নয়ন, কৃত্রিম বুদ্ধিমত্তা, আধুনিক কৃষি এবং ওষুধশিল্পে যৌথ কাজের সুযোগ নিয়ে মতবিনিময় করেন দুই নেতা।
জনগণের পারস্পরিক যাতায়াত সহজ করতে ভিসা অব্যাহতির সম্ভাবনা এবং স্থানীয় মুদ্রা—মালয়েশিয়ান রিঙ্গিত ও রাশিয়ান রুবল ব্যবহার করে দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর বিভিন্ন প্রক্রিয়া নিয়েও আলোচনা হয়েছে।
মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, মাদানি সরকার দেশের জ্বালানি নিরাপত্তা আরও শক্তিশালী করতে আন্তর্জাতিক অংশীদারিত্বের মাধ্যমে কৌশলগত ও সক্রিয় উদ্যোগ অব্যাহত রাখবে। এর লক্ষ্য হলো স্থিতিশীল, টেকসই ও নির্ভরযোগ্য জ্বালানি সরবরাহ নিশ্চিত করা এবং দীর্ঘমেয়াদে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি বজায় রাখা।