তেহরান, ১৮ এপ্রিল : যুদ্ধ শেষ করার লক্ষ্যে কোনো চুক্তি না হওয়া পর্যন্ত কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির সব নৌ-চলাচল নিয়ন্ত্রণে রাখবে ইরান বলে জানিয়েছে দেশটির সর্বোচ্চ নিরাপত্তা সংস্থা।
ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল (SNSC) এক বিবৃতিতে জানায়, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাতের অবসান ঘটাতে আলোচনার মাধ্যমে চূড়ান্ত সমঝোতা না হওয়া পর্যন্ত এই জলপথে কঠোর নিয়ন্ত্রণ বজায় থাকবে।
বিবৃতিতে বলা হয়, পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান আলোচনা এখনো চূড়ান্ত কোনো সমঝোতায় পৌঁছাতে পারেনি। দুই পক্ষের মধ্যে মতপার্থক্যের কারণে প্রথম দফার আলোচনা ব্যর্থ হয়েছে বলেও জানায় ইরান।
ইরান আরও দাবি করে, হরমুজ প্রণালি তাদের জাতীয় নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঞ্চল। এই জলপথ দিয়ে পারস্য উপসাগরের বেশিরভাগ সামরিক ও বাণিজ্যিক রসদ পরিবাহিত হয়, যা আঞ্চলিক নিরাপত্তার জন্যও সংবেদনশীল।
নিরাপত্তা পরিষদ জানায়, নতুন নিয়ম অনুযায়ী নৌযানগুলোর পূর্ণ তথ্য সংগ্রহ, অনুমতি প্রদান, নিরাপত্তা ও পরিবেশ সুরক্ষার জন্য ফি আদায় এবং নির্দিষ্ট রুটে চলাচল বাধ্যতামূলক করা হবে।
বিবৃতিতে সতর্ক করে বলা হয়, যদি শত্রুপক্ষ নৌ চলাচলে বাধা সৃষ্টি করে বা অবরোধ আরোপের চেষ্টা করে, তবে তা যুদ্ধবিরতির লঙ্ঘন হিসেবে গণ্য করা হবে এবং প্রণালিতে সীমিত প্রবেশাধিকারও বন্ধ করে দেওয়া হতে পারে।
বিশ্বের জ্বালানি পরিবহনের জন্য গুরুত্বপূর্ণ এই জলপথে ইরানের কঠোর অবস্থান আন্তর্জাতিক বাণিজ্য ও তেল বাজারে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে।