কুয়ালালামপুর, ২১ ফেব্রুয়ারি: আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও ভাষা শহীদদের স্মরণে মালয়েশিয়া আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন ভারতে অবস্থানরত আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা।

বক্তব্যে শেখ হাসিনা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের কঠোর সমালোচনা করেন। তিনি বলেন, একটি “ম্যাট্রিকুলাস নির্বাচন” আয়োজন করে আওয়ামী লীগকে নির্বাচনী প্রক্রিয়া থেকে দূরে রাখা হয়েছে। গত ১৮ মাসে বর্তমান সরকার দেশকে ক্ষতিগ্রস্ত করেছে বলেও অভিযোগ করেন তিনি।
তিনি দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, সকল ভয়ভীতি কাটিয়ে ঐক্যবদ্ধভাবে দলকে পুনর্গঠন করতে হবে এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে মালয়েশিয়া আওয়ামী লীগের সভাপতি দাতো শ্রী কামারুজ্জামান কামাল ভাষা শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তিনি বলেন, ভাষা শহীদদের আত্মত্যাগের বিনিময়েই আজ আমরা বাংলা ভাষা পেয়েছি। পাকিস্তানি শাসকগোষ্ঠী আমাদের মাতৃভাষা কেড়ে নিতে চেয়েছিল, কিন্তু আল্লাহর রহমত ও শহীদদের রক্তের বিনিময়ে আমরা আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করতে পারছি।

তিনি আরও অভিযোগ করেন, মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশন শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে তাদের অনুমতি দেয়নি, যা প্রবাসীদের মধ্যে বৈরিতা সৃষ্টি করেছে। ভাষা শহীদরা দল-মতের ঊর্ধ্বে উল্লেখ করে তিনি বলেন, প্রবাসীদের মধ্যে বিভেদ সৃষ্টি কোনোভাবেই কাম্য নয় এবং হাইকমিশনের কর্মকর্তাদের প্রবাসীদের প্রতি সমান দৃষ্টিভঙ্গি রাখার আহ্বান জানান।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন দাতো শ্রী জালাল উদ্দীন সেলিম, সাধারণ সম্পাদক, মালয়েশিয়া আওয়ামী লীগ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনিরুজ্জামান মনির, সাধারণ সম্পাদক, বঙ্গবন্ধু পরিষদ মালয়েশিয়া শাখা। অনুষ্ঠান সঞ্চালনা করেন নাজমুল ইসলাম বাবুল।
এ সময় মালয়েশিয়া আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে বাংলাদেশের সার্বিক কল্যাণ কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।
অনুষ্ঠান শেষে বাংলাদেশের সার্বিক কল্যাণ কামনায় দোয়া ও মুনাজাত করা হয়। এ সময় মালয়েশিয়া আওয়ামী লীগের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।