সূচি অনুযায়ী, ঢাকা-১৭ আসনের ইসিবি চত্বরে বেলা দুইটায় প্রথম জনসভায় বক্তব্য রাখবেন তিনি। এরপর ঢাকা-১৬ আসনের পল্লবী ২ নম্বর ওয়ার্ডের লাল মাঠে দুপুর ২টা ৪০ মিনিটে, ঢাকা-১৫ আসনের মিরপুর-১০ গোলচত্বর সংলগ্ন সেনপাড়া আদর্শ সরকারি উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে বিকেল ৩টা ৩০ মিনিটে বক্তব্য দেওয়ার কথা রয়েছে।
পরে বিকেল ৪টা ২০ মিনিটে ঢাকা-১৪ আসনের ন্যাশনাল বাংলা উচ্চবিদ্যালয় গেটে, ৫টা ১০ মিনিটে ঢাকা-১৩ আসনের শ্যামলী সিনেমা হলের পশ্চিম পাশে শ্যামলী ক্লাব মাঠে এবং সন্ধ্যা ৬টায় ঢাকা-১১ আসনের বাড্ডার সাঁতারকুলের সানভ্যালি মাঠে জনসভায় অংশ নেবেন তারেক রহমান।
বিএনপির নেতারা জানিয়েছেন, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় দুই দিনে মোট ১৪টি জনসভায় অংশ নেবেন দলটির চেয়ারম্যান। রোববার ও সোমবার এসব কর্মসূচি অনুষ্ঠিত হবে।
শনিবার গুলশানে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন কমিটির মুখপাত্র ও তারেক রহমানের উপদেষ্টা মাহদী আমিন।
তিনি বলেন, জনসভাগুলোর মাধ্যমে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে সরাসরি মতবিনিময় করবেন বিএনপি চেয়ারম্যান।