কুয়ালালামপুর, ৪ অক্টোবর : পাকিস্তানের প্রধানমন্ত্রী মুহাম্মদ শাহবাজ শরিফ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে রবিবার থেকে মঙ্গলবার (৫–৭ অক্টোবর) পর্যন্ত মালয়েশিয়া সফরে আসছেন।
মালয়েশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় শনিবার এক বিবৃতিতে জানায়, এই সফরটি ২০২৪ সালের অক্টোবর মাসে আনোয়ার ইব্রাহিমের ইসলামাবাদ সফরের প্রতিউত্তরস্বরূপ (reciprocal visit) অনুষ্ঠিত হচ্ছে।
শাহবাজ শরিফের সঙ্গে থাকবেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইশাক দারসহ বেশ কয়েকজন মন্ত্রিসভার সদস্য।
৬ অক্টোবর পুত্রজায়ার পারদানা পুত্রা কমপ্লেক্সে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানো হবে। এরপর আনোয়ার ইব্রাহিমের সঙ্গে তাঁর দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হবে।
বিবৃতিতে বলা হয়েছে ,
“দুই নেতা মালয়েশিয়া-পাকিস্তান দ্বিপাক্ষিক সম্পর্কের অগ্রগতি পর্যালোচনা করবেন এবং বিশেষ করে বাণিজ্য ও বিনিয়োগ, হালাল শিল্প, শিক্ষা, পর্যটন ও প্রতিরক্ষা খাতে সহযোগিতা জোরদারের উপায় নিয়ে আলোচনা করবেন।”
এছাড়া, তারা আঞ্চলিক ও আন্তর্জাতিক প্রেক্ষাপটে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে মতবিনিময় করবেন বলে জানা গেছে।
দুই নেতা বৈঠক শেষে পাঁচটি সমঝোতা স্মারক (MoU) বিনিময় করবেন, যা অন্তর্ভুক্ত করবে পর্যটন, উচ্চশিক্ষা, হালাল সার্টিফিকেশন, দুর্নীতি প্রতিরোধ ও ক্ষুদ্র-মাঝারি উদ্যোগ (SMEs) খাত। এছাড়াও কূটনীতিকদের প্রশিক্ষণ সহযোগিতায় Exchange of Notes (EoN) স্বাক্ষরিত হবে।
শাহবাজ শরিফ মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর হাতে উপহার হিসেবে “SCRIPT: For a Better Malaysia” বইটির উর্দু সংস্করণও তুলে দেবেন।
তাঁর সম্মানে সেরি পারদানা কমপ্লেক্সে একটি আনুষ্ঠানিক মধ্যাহ্নভোজের আয়োজন করা হবে।
এছাড়া দুই প্রধানমন্ত্রী পাকিস্তান-মালয়েশিয়া ব্যবসা ও বিনিয়োগ সম্মেলনেও অংশগ্রহণ করবেন, যেখানে দুই দেশের বেসরকারি খাতের প্রতিনিধিরা যৌথ বিনিয়োগ ও বাণিজ্য সম্ভাবনা নিয়ে আলোচনা করবেন।
মালয়েশিয়ার ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি (IIUM) শাহবাজ শরিফকে তাঁর নেতৃত্ব, উন্নয়নমূলক দৃষ্টিভঙ্গি, জনগণের সেবায় নিবেদন এবং ইসলামী মূল্যবোধভিত্তিক শাসনব্যবস্থার প্রচারের স্বীকৃতিস্বরূপ “লিডারশিপ অ্যান্ড গভর্ন্যান্সে ডক্টর অব ফিলোসফি (সম্মানসূচক ডিগ্রি)” প্রদান করবে।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়,
“এই সফরের মাধ্যমে মালয়েশিয়া ও পাকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সুদৃঢ় হবে এবং পারস্পরিক স্বার্থে সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচিত হবে।”
উল্লেখ্য, মালয়েশিয়া ও পাকিস্তান ১৯৫৭ সালে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে এবং ২০১৯ সালের মার্চে এই সম্পর্ক ‘কৌশলগত অংশীদারিত্বে’ (Strategic Partnership) উন্নীত হয়।
২০২৪ সালে দুই দেশের মধ্যে বাণিজ্যের পরিমাণ দাঁড়ায় ৮.০৭ বিলিয়ন রিঙ্গিত (প্রায় ১.৭৬ বিলিয়ন মার্কিন ডলার), যা ২০২৩ সালের তুলনায় ২৫.৫ শতাংশ বৃদ্ধি।
মালয়েশিয়ার প্রধান রপ্তানি পণ্য হলো পাম তেল, পেট্রোলিয়াম ও রাসায়নিক দ্রব্য, আর পাকিস্তান থেকে আমদানি করা হয় কৃষিপণ্য, টেক্সটাইল, পোশাক, জুতা ও পেট্রোলিয়ামজাত পণ্য।