ইস্তাম্বুল: গাজা সিটির পশ্চিমাঞ্চলের আল-শিফা হাসপাতালের কাছে সাংবাদিকদের জন্য স্থাপিত একটি তাঁবুতে ইসরায়েলি বিমান হামলায় আল জাজিরার দুই সংবাদদাতা আনাস আল-শরীফ ও মোহাম্মদ কুরাইকা নিহত হয়েছেন।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা আল-শিফা মেডিকেল কমপ্লেক্সের পরিচালকের উদ্ধৃতি দিয়ে জানায়, “আনাস আল-শরীফ ও মোহাম্মদ কুরাইকা ইসরায়েলি হামলায় শহীদ হয়েছেন।”
হাসপাতাল কর্তৃপক্ষের বরাত দিয়ে বলা হয়েছে, তারা ঘটনাস্থলে দায়িত্ব পালনের সময়ই এই হামলার শিকার হন। তবে ইসরায়েলি সামরিক বাহিনীর পক্ষ থেকে এ বিষয়ে এখনো কোনো মন্তব্য আসেনি।
এই হামলা গাজার চলমান সংঘাতের মধ্যে সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে আন্তর্জাতিক মহলে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে।