রিয়াদ: সৌদি আরবে চলমান অভিযানে গত এক সপ্তাহে ২২ হাজারের বেশি বিদেশি প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এই অভিযান মূলত অবৈধভাবে বসবাস, অননুমোদিত প্রবেশ ও কর্মসংস্থান লঙ্ঘনকারীদের বিরুদ্ধে পরিচালিত হয়েছে।
অভিযানটি চালানো হয় ১৭ জুলাই থেকে ২৩ জুলাই পর্যন্ত, যার মধ্যে বিভিন্ন শহর ও প্রদেশে ব্যাপক তল্লাশি চালানো হয়। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক দক্ষিণ এশিয়া, আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের নাগরিক।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, অভিযানে গ্রেপ্তার হওয়া প্রবাসীদের মধ্যে অনেকে বৈধ বসবাসের অনুমতি ছাড়া সৌদি আরবে অবস্থান করছিলেন। এছাড়াও অননুমোদিত প্রবেশের চেষ্টা, অবৈধভাবে কাজ করা এবং ভিসা আইন লঙ্ঘনের অভিযোগও রয়েছে।
গ্রেপ্তারকৃতদের মধ্যে কিছু নারীও রয়েছে, এবং সবাইকে সৌদি শ্রম আইন অনুযায়ী প্রশাসনিক ও আইনি প্রক্রিয়ার মুখোমুখি হতে হবে। এদের বিরুদ্ধে জরিমানা, বহিষ্কার এবং নির্দিষ্ট সময়ের জন্য সৌদি আরবে প্রবেশ নিষেধাজ্ঞা জারি করা হতে পারে।
সৌদি কর্তৃপক্ষ সতর্ক করে বলেছে, অবৈধভাবে বসবাস বা কাজ করা ব্যক্তিদের আশ্রয় বা সহযোগিতা করলে নাগরিক ও প্রবাসী উভয়ের বিরুদ্ধেই কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
সাম্প্রতিক বছরগুলোতে সৌদি আরব অবৈধ অভিবাসন রোধে ব্যাপক অভিযান চালাচ্ছে। কর্তৃপক্ষ বলছে, দেশের নিরাপত্তা ও অর্থনৈতিক ভারসাম্য রক্ষার জন্য এ পদক্ষেপ অব্যাহত থাকবে।